মেলবোর্নে ভারত-পাকিস্তান মহারণ আজ

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ০৭:১৫

পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে ভারতীয় দলকে পাঠাবে না বিসিসিআই। ইটের জবাবে ইট, পাকিস্তানও আগামী বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে। এই ইস্যুতে পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা চলছেই। পরিস্থিতি উত্তপ্ত বলাই যায়। পাকিস্তানের সাবেক ওপেনার আহমেদ শেহজাদ বলছেন, এশিয়া কাপ নিয়ে জল ঘোলা করার কারণ আসলে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে ‘হাইপ’ তোলার চেষ্টা।

দুই দেশের কর্তাদের এই চেষ্টা সফল হয়েছে বলা যায়। মাঠের ক্রিকেটের আলোচনার সঙ্গে এশিয়া কাপ যুক্ত হয়ে অস্ট্রেলিয়ায় চলমান টি-২০ বিশ্বকাপে পাক-ভারত লড়াই উত্তেজনার অগ্নিগর্ভে রূপ নিয়েছে।

সুপার টুয়েলভের গ্রুপ-২-এর ম্যাচে আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। প্রায় ১ লাখ দর্শক ধারণক্ষমতার সুবিশাল মেলবোর্ন স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। গত কয়েক দিনে দুই দেশের সাংবাদিকরা রোহিত শর্মা-বাবর আজমদের প্রস্তুতি, ক্রিকেটীয় বিশ্লেষণের আগে আবহাওয়ার খবর জানাচ্ছেন ঘনঘন। কারণ মেলবোর্নে আজকের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা প্রবল। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি নামার সম্ভাবনা ৯০ ভাগ। ২২ গজের লড়াইটাই বৃষ্টির কাছে দর্শক হয়ে যেতে পারে। তারপরও চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইয়ের রোমাঞ্চ উদ্দীপ্ত করছে ক্রিকেটপ্রেমীদের।

ভারতের কাছে আজকের ম্যাচটা এক বছর আগে হারের শোধ নেওয়ার মঞ্চ। গত বছর বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে হেরেছিল বিরাট কোহলির দল।ঐ ম্যাচের পর কিছুদিন আগে এশিয়া কাপে দুই বার সাক্ষাত্ হয়েছে রোহিত-বাবরদের। যেখানে স্কোরলাইন ১-১।

আন্তর্জাতিক টি-২০তে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান অবশ্য ভারতকেই এগিয়ে রাখছে। ১১ ম্যাচের ৮টি জিতেছে ভারত, ৩টি জয় পাকিস্তানের।

পেস আক্রমণে জাসপ্রিত বুমরাহকে না পাওয়াটা ভারতের জন্য বড় ধাক্কা। বড় দায়িত্ব পালন করতে হবে মোহাম্মদ শামি, আর্শদ্বীপ সিং, হারশাল প্যাটেলদের। ব্যাটিংটা বরাবরই শক্তিশালী ভারতের।

পাকিস্তানের ব্যাটিং লাইনের অক্সিজেন মূলত বাবর-রিজওয়ানের ওপেনিং জুটি। মিডল অর্ডারে নেওয়াজ-শাদাব খান ফর্মে আছেন। এর বাইরে ব্যাটিংটা নড়বড়ে পাকিস্তানের। তবে পেস আক্রমেণে শাহীন শাহ আফ্রিদির অন্তর্ভুক্তি দলটার জন্য বড় শক্তি। ইনজুরি কাটিয়ে এখন মাঠ মাতাতে প্রস্তুত বাঁহাতি এ পেসার। বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ালে আগের মতোই পাক-ভারত ম্যাচের বিনোদন উপভোগ করতে পারবে ক্রিকেট বিশ্ব।

এদিকে আজ দিনের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে শ্রীলঙ্কা। হোবার্টে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

 

ইত্তেফাক/ইআ