লড়াইটা ছিলো দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের আত্মমর্যাদার। মাঠের লড়াইয়ে ক্রিকেট ছাপিয়েও যেখানে বড় হয়ে ওঠে দুই দেশের সম্মান। তবে সেই লড়াইয়ে যেন শুরুতেই রণে ক্ষান্ত দিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে পাক অধিনায়ক প্যাভিলিয়নে ফিরেছেন গোল্ডেন ডাক মেরে।
ঐতিহ্যবাহী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের সুপার টুয়েলভের লড়াইয়ে মাঠে নেমেছে বিশ্ব ক্রিকেটের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ভারত-পাকিস্তান। বিশ্বজোড়া ক্রিকেটপ্রেমীদের মনে উত্তেজনার বারুদ জ্বালানো এই লড়াইয়ে টস জিতে প্রতিপক্ষ পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের শুরুটা যেন মনে করিয়ে দিলো ঠিক এক বছর আগে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান লড়াইকে। সেই ম্যাচে আগে ব্যাটিং করে পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির তোপের মুখে পড়েছিলো ভারত।
সেদিন শাহিন যেখানে শেষ করেছিলেন আজ ভুবনেশ্বর কুমার যেন শুরু করলেন সেখান থেকেই। তার দুর্দান্ত লাইন লেন্থে প্রথম ওভারে পরাস্ত হয়েছেন পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান। ভুবনেশ্বরের ছয় বল থেকে একটি রানও নিতে পারেননি রিজওয়ান। ওই ওভার থেকে যে এক রান এসেছে সেটিও ওয়াইড থেকে।
দ্বিতীয় ওভারে অপর প্রান্ত থেকে বোলিং শুরু করেন আর্শদিপ সিং। তরুন এই পেসারের প্রথম বলেই কুপোকাত পাকিস্তান অধিনায়ক বাবর আজম। লেগ স্ট্যাম্পের বল পায়ে লেগেছিলো বাবরের। আম্পায়ার মারাইস ইরাসমাস আঙুল তুলে দিয়েছেন ভারতের আবেদনেই। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি বাবর। গোল্ডেন ডাক মেরেই ফিরে যেতে হয়েছে প্যাভিলিয়নে।
