আকাশে হেমন্তের রোদ। মিষ্টি করে তুলেছে কাত্তিকের বিকেল। অন্য দিনের তুলনায় ফুরফুরে হাওয়া। শনিবারের হাতঘড়িতে সময় ঠিক ৪টা। বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠে তুলতুলে সবুজ ঘাস। কানায় কানায় ভর্তি দর্শক। গ্যালারিতে তুমুল উত্তেজনা। সবার চোখেমুখে আনন্দের ঝিলিক।
সাজঘরে যে যার জার্সি নিতে ব্যস্ত। মাঠে যাওয়ার তাগাদা দিচ্ছেন টিম ম্যানেজার। প্রথমে বাংলার দামাল বেশে বেরিয়ে এলেন শরিফুল রাজ। মুখে চওড়া হাসি। কাঁধভাঙা চুল মনে করিয়ে দেয় আর্জেন্টিনার বাতিস্তুতার কথা! পেশাদার অভিনেতা থেকে যেন পেশাদার ফুটবলার। পাশাপাশি হাঁটছেন বিদ্যা সিনহা মিম। জার্সি গায়ে তাকেও চেনা দায়। এ যেন এক অন্য ভূবনের মাঠ। একে একে দল বেঁধে বেরিয়ে এলেন সিয়াম, সুমিতসহ দলের অন্যরা।
মুক্তিযুদ্ধ মানেই স্বাধীনতা। রক্তের শিরায় জ্বালানো মুক্তি। সেই মুক্তিযুদ্ধের সময়ের ফুটবল দলের ঘটনা নিয়ে রায়হান রাফির সিমেমা ‘দামাল’। মুক্তি পাবে আগামী ২৮ অক্টোবর। সিনেমার প্রচারণায় বসুন্ধরা কিংসের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন। টিম দামাল, টি-স্পোর্স ও বসুন্ধরা কিংসের সদস্যরা লাল বনাম সবুজ দলে ভাগ হয়ে খেলেছে এই প্রীতি ম্যাচ।
ড্রেসিং রুম থেকে দুই দল যখন ওয়াকওয়েতে দাঁড়াল তখন দামাল টিমের জার্সি পরে দলে ঢুকে গেলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। এলেন আয়মান সাদিক, সোলাইমান সুখন। তাদের দেখে চিৎকার আটকাতে পারেনি দর্শকরা।
আতসবাজির অভিনন্দনে মাঠের ভেতরে প্রবেশ করলো দুই দল। খানিক পরেই জাতীয় সংগীতের সঙ্গে শ্রদ্ধাভরে কণ্ঠ মেলালেন মাঠের প্রত্যেকটি মানুষ। এরপর মাঠের মধ্যে ভাগ হয়ে গেলো দুই দল।
এরপর ক্ষণিকের গ্রুপ ডিস্কাশন। সেখানে দামাল টিমের সঙ্গে দুই চারটি কথা গ্যালারিতে চলে গেলেন অভিনেতা জাহিদ হাসান। দুই গোল পোস্টে চলে গেলেন দুই গোলরক্ষক। এরপর রেফারির লম্বা বাঁশি। খেলা শুরু।
গ্যালারিতে উপস্থিত হয়ে খেলা উপভোগ করছেন দেশের নামী তারকারা। তাদের মধ্যে ছিলেন জাহিদ হাসান, ফেরদৌস আহমেদ, রিয়াজ, পরিচালক মোস্তফা সরয়ার ফারকী, রায়হান রাফি, অভিনেত্রী নিপুন আক্তার, সুনেরাহ বিনতে কামালসহ অনেক তারকা। খেলার ফাকে ফাকে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তারা।
জাহিদ হাসান বলেন, ‘স্বাধীন বাংলার ফুটবল দলের দুর্দান্ত গল্পের ছবি ‘দামাল’। অনেক পরিশ্রম করে তারা সিনেমাটি বানিয়েছে। এরা সবাই আমার পরিবারের মতো। এই সিনেমায় আমি অভিনয় করিনি। তবুও বড় ভাই হিসেবে ওদের সিনেমায় প্রচারণায় থাকতে পেরে ভালো লাগছে।’
চিত্রনায়িকা নিপুন বললেন, ‘আমরা যখন শিল্পী সমিতির নির্বাচন করেছিলম, তখন আমারা ইশতিহারে উল্লেখ করেছিলাম চলচ্চিত্রের যে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবো। শুধু আমার ছবি না, যার সিনেমা আসবে তার সিনেমা আমরা প্রচার করবো। আমরা সেই কথা রেখেছি। এটাই তার একটি অংশ।’
মোস্তফা সরয়ার ফারকী বললেন, পুরো পৃথিবীতে খেলা নিয়ে সিনেমা হচ্ছে। আমাদের দেশের ফুটবল নিয়ে রায়হান রাফি সিনেমা বানিয়েছে। এটা আমাদের ইতিহাসের জন্য উল্লেখযোগ্য ব্যাপার। সবাই সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখবেন।
খেলার ভেতর বিদ্যা সিনহা মিমের হাত দিয়ে গোল করা ছিলো চোখে পড়ার মতো। অনেকটা মজার হাত দিয়ে বল ধরে প্রতিপক্ষের জালে জড়ান মিম। যদিও সেটি মেনে নেননি রেফারি। মজা করেই মিম বললেন, ম্যারাডোনার মত করে কিছু করে দেখাতে চাইলাম!
বিরতির আগে দামাল টিমের জালে চলে যায় একটি বল। ০-১ গোলে ২০ মিনিটের বিরতিতে যায় দুই দল। বিরতির পর পেনাল্টি শুটে সেই তা শোধ করে ১-১ গোলে সমতায় ফিরে মাঠ ছাড়ে দুইদল।
