ডাচদের পেয়ে স্বস্তি, সবই মিডিয়ার সৃষ্টি

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ০১:৫৩

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে টানা চার ম্যাচে হার। প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে বিধ্বস্ত হওয়া। নিশ্চিতভাবেই বিশ্বকাপের জন্য আদর্শ প্রস্তুতি নয়।

সমালোচনার তোপে থাকা বাংলাদেশ দলটার আত্মবিশ্বাসও তলানিতে, কারণ ক্রমাগত হারের তিক্ততা হজম করতে হয়েছে। এর মধ্যেই অস্ট্রেলিয়ায় ছড়িয়েছে নানামুখী আলোচনা। অধিনায়ক সাকিব আল হাসান নাকি সতীর্থদের মিডিয়া থেকে দূরে থাকতে বলেছেন। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনকেও কথা বলতে বারণ করেছেন। অধিনায়ক হিসেবে পুরো দলকে আগলে রাখার এ চেষ্টাকে সাধুবাদ জানাতেই হয়।

কিন্তু গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সংবাদকর্মীদের ওপর যেন পরোক্ষভাবে ক্ষোভ ঝাড়লেন সাকিব। লিটন দাসের ওপেনিং করার প্রসঙ্গে বাহাসে জড়িয়েছেন প্রশ্নকর্তার সঙ্গে। মিডিয়াকে কটাক্ষ করে বলেছেন, দলকে ঘিরে তৈরি হওয়া আবহ নাকি মিডিয়ারই সৃষ্টি। আবার মিডিয়া বাড়াবাড়ি করছে কিনা সেটা মূল্যায়নের ভারও সাংবাদিকদের ওপরই দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।

বিশ্বকাপে একমাত্র বাংলাদেশের ওপেনিং জুটি নড়বড়ে। পরীক্ষিত ওপেনার লিটন দাসকে নিচে খেলানোর পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। লিটনকে ওপেনিং করানো বা তার ব্যাটিং অর্ডার নিয়ে করা প্রশ্নে বিরক্তি ফুটে উঠল সাকিবের মুখে, ‘আপনার কি মনে হয় লিটন ওপেন করলেই বা ওপেনার ঠিক হয়ে গেলে আমরা জিতব? আপনি যেভাবে বলছেন, ডিসিশন মেকারের জায়গায় আপনাকে রাখতে হবে।’

প্রথম রাউন্ড থেকে বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে বাংলাদেশের গ্রুপে এসেছে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। আজ হোবার্টের বেলেরিভ ওভালে ডাচদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল।

হারের বৃত্তে থাকা টাইগারদের জন্য প্রথম ম্যাচে আইসিসি সহযোগী দেশটাকে প্রতিপক্ষ হিসেবে পাওয়া তুলনামূলকভাবে স্বস্তিরই বলা যায়। যদিও সাকিব এমনটা মনে করেন না। তার মতে, নেদারল্যান্ডসকে পেয়ে স্বস্তিতে দল, এটা পুরোই মিডিয়ার সৃষ্টি।

গতকাল বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘এই পারসেপশনও (উপলব্ধি) হয়তো আপনারা তৈরি করেছেন, যে নেদারল্যান্ডস আসাতে হয়তো বাংলাদেশ দল স্বস্তি বোধ করছে। আমাদের দলের যে ধরনের চিন্তাভাবনা, আমরা এভাবে কখনো প্রস্তুতি নেই না; আমার মনেও হয় না যে পৃথিবীর কোনো দল এমন চিন্তা করে যে কে আসলে ভালো, কে আসলে খারাপ। সব সময় চেষ্টা করে দলকে জেতানোর, যেটা ভালো করা সম্ভব সেটাই করা। আমাদের দলের ভেতর এমন অনুভূতি নেই। যেটা আপনি বললেন স্বস্তির কি না, দেশে এরকম কথা চলছে, সেটা অবশ্যই মিডিয়ার সৃষ্টি করা।’

বিশ্বকাপে বাংলাদেশ দলকে নিয়ে মিডিয়া বাড়াবাড়ি করছে কিনা প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘এটা আপনারা ভালো বলতে পারবেন, মানুষকে জাজ (বিচার) করতে দেন, আমি জাজ না হই। আমি খুব বেশি কিছু জাজ করতে আসলে পছন্দ করি না।’

ইত্তেফাক/ইআ