নোয়াখালী জেলা জজ আদালত থেকে হাতকড়া পরা অবস্থায় সাহাব উদ্দিন সুজন (২৪) নামের এক আসামি পলিয়ে গেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পলাতক ওই আসামিকে ধরার জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে বলে জানিয়েছে সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদ।
পলাতক সুজন সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামের নুর মোহাম্মদ কালা মিয়ার ছেলে।
আদালতের পুলিশ পরিদর্শক (কোট ইন্সপেক্টর) মো. নাজমুল হক জানান, আদালতের হাজতখানা থেকে আসামিদের বের করে জেলা কারাগারের গাড়িতে উঠানোর ফাঁকে হাতকড়া পরা অবস্থায় সুজন পলিয়ে যায়। এ ঘটনার পর পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য জেলার সব থানা-পুলিশকে জানানো হয়েছে। এ সময় কর্তব্য কাজে যে সব পুলিশ সদস্য জড়িত ছিল তাদের অবহেলা বিষয়টি তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: বজ্রপাতে স্কুলছাত্রীসহ ৫ জনের মৃত্যু
সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদ জানান, সাহাব উদ্দিন সুজন একজন মাদক বিক্রেতা। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়েরের পর শুক্রবার বিকালে তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে আমরা জানতে পারি সে পালিয়েছে। তাকে ধরার জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে।
ইত্তেফাক/বিএএফ
