ইসরায়েলি সেনার গুলিতে ১ ফিলিস্তিনি নিহত

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১৪:৩৫

দখলকৃত পশ্চিম তীরে শনিবার (২২ অক্টোবর) ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ফিলিস্তিনির নাম রাবি আরাফাহ রাবি (৩২)। তাকে কালকিলা শহরের দক্ষিণে একটি তল্লাশি চৌকিতে মাথায় গুলি করা হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, এর কয়েক ঘণ্টা আগে পূর্ব জেরুজালেমে এক ইসরায়েলি নাগরিকের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এছাড়াও শুক্রবার (২১ অক্টোবর) পশ্চিম তীরের জেনিন শহরে রাতভর সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হওয়ার কথা জানিয়েছিল ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এই ঘটনায় আহত হন তিন ফিলিস্তিনি।

শনিবারের ঘটনা নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র দাবি করেন, তারা মূলত একটি গাড়িতে গুলি করেছিলেন। ওই গাড়িতে তিনজন সন্দেহভাজন ছিলেন।

চৌকিতে তল্লাশির সময় এক সেনার ওপর হামলা চালিয়ে তারা গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। গুলিতে ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনা পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এদিকে ইসরায়েলের পুলিশ জানিয়েছে, এই ঘটনার আগে পূর্ব জেরুজালেমে এক ইসরায়েলি তরুণকে পেছন থেকে ছুরিকাঘাত করা হয়েছে। পরে এক ফিলিস্তিনির কাছ থেকে তারা ছুরি জব্দ করে। আহত ইসরায়েলির বয়স ২০ বছর। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৬ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরকে আটক করা হয়েছে।

জেরুজালেমের সাআরি সেদেক হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, আহত ইসরায়েলি তরুণের আঘাত গুরুতর। তবে তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।  

ইত্তেফাক/এআই/ডিএস