আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে ইএমই কোরের সকল সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সোমবার (২৪ অক্টোবর) সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যান্ড স্কুলে সেনাবাহিনীর ইএমই কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনী প্রধান এ আহ্বান জানান। আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় সেনাবাহিনী প্রধান ইএমই কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য, দেশমাতৃকার সেবায় এই কোরের অবদানের কথা স্মরণ করেন।
সেনাবাহিনী প্রধান ইএমই কোরের ইউনিটগুলোর উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন। এছাড়া তিনি বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি এবং ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
সম্মেলনে অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান, প্রতিরক্ষা ক্রয় মহাপরিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড মেজর জেনারেল এস এম কামরুল হাসান, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মো. ফয়জুর রহমান এবং সামরিক সচিব মেজর জেনারেল খান ফিরোজ আহমেদসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
