রাজধানীর বিভিন্ন সড়কে জলজট, উপড়ে পড়েছে গাছ

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ০৩:৫২

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাজধানী ঢাকায় বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এতে বিভিন্ন স্থানে পানি জমে প্রধান সড়ক ও অলিগলি তলিয়ে গেছে। এছাড়া গাছপালা উপড়ে পড়ারও খবর পাওয়া গেছে। সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে সরেজমিনে রাজধানীর বিভিন্ন সড়ক সরেজমিনে ঘুরে এমনটাই দেখা গেছে। নিচু ঘরবাড়ি ও দোকানপাটের ভেতরেও পানি প্রবেশ করেছে।

সড়কের ওপর পড়ে থাকা গাছ সরাতে কাজ করছেন স্থানীয় স্বেচ্ছাসেবকরা। এছাড়া বৃষ্টি কিছুটা কমে আসায় সড়কে জমে থাকা পানি নামতে শুরু করেছে।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অগ্রভাগ উপকূলে আঘাত হেনেছে সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায়। তবে ঘুর্ণিঝড়টির প্রভাবে সোমবার সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টিপাত হয়েছে। রাজধানী ঢাকায় রাত পৌনে ১২টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির ফলে রাজধানীর গ্রিন রোড, পান্থপথ, মগবাজার, হাতিরঝিল, বেইলী রোড, কাকরাইল, বংশাল, নাজিরাবাজার, সায়েদাবাদ, মুগদা, মেরাদিয়া, হাজারীবাগ সহ বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটেছে।

রাজধানীর বিভিন্ন সড়কে প্রায় হাঁটুসমান পানি জমে যায়। ছবি: ইত্তেফাক

সোমবার বিকেলে অফিস ছুটির পর প্রধান সড়কগুলোতে তীব্র যানজট দেখা দেয়। এছাড়া ঢাকা-ময়মনসিংহ সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিমানবন্দর এলাকা থেকে যানজটে আটকে থাকা গাড়ির সারি চলে আসে বনানী এলাকা পর্যন্ত। অন্যদিকে খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেল থেকে উত্তরায় র‌্যাব-১–এর কার্যালয়ের সামনে পর্যন্ত সড়ক বৃষ্টির পানিতে ডুবে ছিল। দুপুর থেকে সেচযন্ত্রের মাধ্যমে পানি অপসারণের চেষ্টা করেও সন্ধ্যা পর্যন্ত সফল হওয়া যায়নি।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় রাজধানীতে ১২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবারও (২৫ অক্টোবর) সারা দিন বৃষ্টি হতে পারে। তবে দুপুরের পরে বৃষ্টির কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন জানায়, সড়কের পানি নিষ্কাশন ও উপড়ে পড়া গাছ সরাতে ভ্রাম্যমাণ দল কাজ করছে। সকাল থেকেই তারা মাঠে আছে। রাতেও কাজ করবে।

ইত্তেফাক/এসটিএম