জেরার্ডকে সরিয়ে এমেরিকে আনলো অ্যাস্টন ভিলা

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৫:৪৮

শুরুটা আশা জাগানিয় করলেও সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছিলো না অ্যাস্টন ভিলার কোচ স্টিভেন জেরার্ডের। প্রিমিয়ার লিগে সর্বশেষ ম্যাচে ফুলহ্যামের বিপক্ষে ৩-০ গোলের হারে বিসায়টা নিশ্চিত হয়ে যায় জেরার্ডের। সাবেক এই লিভারপুল কিংবদন্তির জায়গায় বর্তমান ভিয়ারিয়াল কোচ উনাই এমেরিকে নিয়োগ দিয়েছে অ্যাস্টন ভিলা।

স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের দায়িত্ব ছাড়ার পর থেকে দায়িত্বশূন্য ভাবেই বসে ছিলেন এমেরি। এবার তাকেই জেরার্ডের স্থলাভিষিক্ত করার কথা জানিয়েছেন অ্যাস্টন ভিলা কর্তৃপক্ষ। ভিলার কোচ হয়ে আবাও প্রিমিয়ার লিগে ফিরছেন সাবেক এই আর্সেনাল কোচ। 

ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘অ্যাস্টন ভিলা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে ক্লাবের নতুন কোচ হিসেবে উনাই এমেরিকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

এমেরিকে অত্যন্ত উঁচুমানের এবং শীর্ষ পর্যায়ের একজন অভিজ্ঞ কোচ হিসেবে অভিহিত করেছে যার ৯’শ এর চেয়েও বেশি ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। 

২০২১ সালে এমেরির অধীনেই ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতেছিলো ভিয়ারিয়াল। গত মৌসুমে তার অধীনেই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালও ইয়োলো সাবমেরিনার্সরা।

এর আগে ২০১৩-২০১৬ সাল পর্যন্ত এমেরির কোচিংয়েই টানা তিন বছর ইউরোপা লিগের শিরোপা জিতেছিলো সেভিয়া। পিএসজির হয়ে লিগ ওয়ানের শিরোপা জয়ের কৃতিত্বও দেখিয়েছেন এমেরি। ২০১৯ সালে আর্সেনালকেও তুলেছিলেন ইউরোপা লিগের ফাইনালে।

ভিয়ারিয়ালের সঙ্গে চলতি মৌসুমের শেষ পর্যন্ত এমেরির চুক্তি থাকলেও দুই ক্লাবের সমঝোতাতেই নভেম্বরের ১ তারিখ থেকেই ভিলার দায়িত্ব নিবেন এমেরি।    

এমেরির বর্তমান ক্লাব ভিয়ারইয়ালের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্লাবের অনুশীলন গ্রাউন্ডে মঙ্গলবার (২৪ অকটোবর) এমেরির জন্য বিদায়ী সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তার অধীনে ভিয়ারিয়াল ক্লাবের ইতিহাসে প্রথম কোন শিরোপা জয়ের কৃতিত্ব দেখায়। উয়েফা ইউরোপা লিগের শিরোপা ছাড়াও প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলেছে ভিয়ারিয়াল, যা একটি ঐতিহাসিক মুহূর্ত। ক্লাবের প্রতি অসামান্য অবদানের জন্য এমেরিকে ধন্যবাদ এবং তার ভবিষ্যতের প্রতি শুভকামনা জানাচ্ছে ভিয়ারিয়াল কর্তৃপক্ষ।
 
মৌসুমের শুরু থেকেই টানা ব্যর্থতায় রেলিগেশন জোন থেকে মাত্র এক ধাপ উপরে থাকার কারনে জেরার্ডকে বিদায় নিতে হয় ভিলার কোচের পদ থেকে। লিগের ১১ ম্যাচের মধ্যে মাত্র দুই ম্যাচে জয় পেয়েছে ভিলা।

ইত্তেফাক/এসএস