ঘূর্ণিঝড় সিত্রাংয়ে প্রভাবে ইতিমধ্যে ব্যাপক ক্ষতি হয়েছে সারাদেশে। সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। এর কয়েক ঘণ্টা আগে থেকেই ঝড়ো হাওয়া আর ভারী বর্ষণ শুরু হয় উপকূল ও নদী বিধৌত জেলাগুলোতে। এসময় শরীয়তপুর জেলার পদ্মা নদীর পাড়ের জাজিরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ে এ জেলায় সাফিয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধা মহিলার মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে জরুরি ত্রাণ ও আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে গিয়েছেন শরীয়তপুর- ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ও জাজিরা উপজেলা প্রশাসন। এসময় চিটারচরে অবস্থিত সাফিয়া বেগমের বাড়িতে গিয়ে সাফিয়া বেগমের পরিবার ও স্থানীয়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সাফিয়া বেগমের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন। এছাড়া কুন্ডেরচর ইউনিয়নের চিটারচর এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রাণ সহায়তা হিসেবে শুকনা খাবার বিতরণ করা হয়।
স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার জিএম নুরুল হক, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, কুন্ডেরচর ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন বেপারীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর করে দেওয়ার হবে জানান শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ও জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহেল।
