বঙ্গোপসাগরের মিরসরাই উপকূলে ডুবে যাওয়া ড্রেজার থেকে একে একে উদ্ধার করা হলো ৮ শ্রমিকের লাশ। ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএ যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সর্বশেষ শাহিন মোল্লা, তারেক মোল্লা ও বশর হাওলাদারের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্য দিয়ে ৬৩ ঘণ্টার উদ্ধার অভিযান সমাপ্ত হয়।
এর আগে বুধবার রাতে আলম সরদার, সকালে ইমাম মোল্লা, মাহমুদ মোল্লা, জাহিদ এবং মঙ্গলবার রাতে আল আমিনের লাশ উদ্ধার করা হয়েছিল। উদ্ধারকৃত লাশগুলোর অধিকাংশের শরীরে পচন ধরেছে। তারা সবাই পটুয়াখালী সদর উপজেলার বাসিন্দা। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত সোমবার (২৪ অক্টোবর) রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে ড্রেজার ডুবে নিখোঁজ হন ৮ শ্রমিক। ড্রেজারটি উল্টে এক চতুর্থাংশ মাটির ভেতর ডুবে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের খোকন কন্সট্রাকশনের অধীনে উপ-ঠিকাদার হিসেবে বেপজা অর্থনৈতিক অঞ্চল ও টিকে গ্রুপের প্লটে বালু সরবরাহের কাছ করছিল সৈকত এন্টারপ্রাইজের ড্রেজার মেশিন। ড্রেজারটি উদ্ধার ও নিখোঁজ শ্রমিকদের সন্ধানে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ১৩ জন ডুবুরি, উপজেলা প্রশাসন ও মিরসরাই থানা পুলিশ কাজ করে। সর্বশেষ বৃহস্পতিবার উদ্ধার অভিযানে যুক্ত হয় বিআইডব্লিউটিএর উদ্ধারকারী ক্রেন ও ডুবুরিরা।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা বলেন, ড্রেজারডুবিতে নিখোঁজ হওয়া ৮ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উদ্ধার অভিযান সমাপ্ত করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লাশগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, নিখোঁজ ৮ জনের লাশ উদ্ধার শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ড্রেজারডুবির ঘটনায় মালিক বা ঠিকাদারি প্রতিষ্ঠানের কোন অবহেলা আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান বলেন, রুদ্ধশ্বাস অভিযান শেষে সাগরে ড্রেডারডুবিতে নিখোঁজ ৮ শ্রমিকের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত থেকে অনেক চড়াই-উৎরাইয়ের পর লাশগুলো উদ্ধার হয়েছে। আগে উদ্ধার হওয়া চারজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি চারজনের লাশও পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, নিহত প্রত্যেকের পরিবারকে পটুয়াখালী জেলা প্রশাসক থেকে ২০ হাজার ও খোকন কন্সট্রাকশন থেকে ১ লাখ টাকা করে দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে।
