৮ম বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের নাট্যোৎসব কাল 

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৮:৩২

শিশুদের মধ্যে শুদ্ধ সংস্কৃতি চর্চা বিকাশে কাজ করা শিক্ষা প্রতিষ্ঠান বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের নাট্যোৎসব শুক্রবার (২৮শে অক্টোবর) বিকাল ৪টা থেকে ৮টা পর্যন্ত 
জাতীয় মুক্তিযুদ্ধ যাদুঘর-এর মিলনাতয়নে অনুষ্ঠিত হবে। এটি বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের ৮ম নাট্যোৎসব। উক্ত উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বার। 

অতিথি হিসাবে আরও উপস্থিত থাকবেন প্রখ্যাত নাট্যকার বৃন্দাবন দাস, অভিনেত্রী শাহনাজ খুশি এবং অভিনেত্রী ও পরিচালক মেহের আফরোজ শাওন। 

বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মোট চারটি নাটক পরিবেশন করবে। বাতিঘরের মিরপুর শাখার শিক্ষার্থীরা 'মহুয়া সুন্দরী', উত্তরা শাখার শিক্ষার্থীরা 'চণ্ডালিকা', বনশ্রী শাখার শিক্ষার্থীরা 'রাজা' এবং লালমাটিয়া শাখার শিক্ষার্থীরা 'রক্তকরবী' নাটকটি পরিবেশন করবে। এছাড়া বাতিঘরের বেইলী রোড শাখার শিক্ষার্থীরা 'ডাকছে আকাশ, ডাকছে বাতাস' গানে নৃত্য পরিবেশন করবে। 

উল্লেখ্য, বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ে ২০১৪ সালের ০৪ এপ্রিল থেকে ৩ থেকে ১৪ বছর বয়সী শিশুদের নিয়ে সংস্কৃতির বিভিন্ন শাখায় বিচরণের মাধ্যমে মূলত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করে আসছে । বাতিঘরের কেন্দ্রীয় পাঠক্রমে সংগীত, নৃত্য, চারু ও কারুকলা, আবৃত্তি ও অভিনয়, যুক্তিকথা ও পাঠাভ্যাস এবং নৈতিকতা ও মূল্যবোধ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। ৩-৫ বছরের শিশুরা ইচ্ছে শ্রেণিতে দেড় বছর এবং ৬-৮ বছরের শিশুরা আনন্দ লাল ও ৯-১৪ বছরের শিশুরা আনন্দ সবুজ শ্রেণিতে এখানে শিক্ষা গ্রহণ করে থাকে।

ইত্তেফাক/এআই