রাণীশংকৈলে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার 

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ২০:৪০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভরনিয়া বাজারের পাশের ধানক্ষেত থেকে এক কোচিং শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে তার লাশ উদ্ধার করা হয়। 

ওই কোচিং শিক্ষকের নাম হোসাইন আলী (২৫)। ভরনিয়া চেংমারি সম্পদ বাড়ি এলাকার নুরুল হোসেনের ছেলে। তিনি স্থানীয় এক কোচিং সেন্টারের শিক্ষক। পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 

নিহতের বোন রুমি, ছোট ভাই আব্দুর রাজ্জাক বলেন, ‘তাদের গ্রামেরই অনুকুল ও ইশার সঙ্গে তার ভাইয়ের মামলা ছিল। অনুকুলের মেয়ের সঙ্গে তার ভাই হোসাইনের প্রেমের মাধ্যমে বিয়ে হয়েছিল। সেই বিয়ে মেনে নেয়নি অনুকুল। পরে মামলা করে হোসাইনের কাছ থেকে তার মেয়েকে তালাক নেয় অনুকুল। কিন্তু হোসাইনকে দেখে নেওয়ার হুমকি দেয় তারা।’

রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল বলেন, ‘লাশের ডান হাতে ও বুকে ক্ষত পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসল রহস্য জানা যাবে। তাছাড়া নিহত শিক্ষকের পরিবার এ মৃত্যুর জন্য দায়ী করে যাদের নাম বলছেন, তাদের বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে।’ 

ইত্তেফাক/এএএম