ভূঞাপুরে যমুনা নদীর পূর্ব পাড়ে ভাঙন শুরু হয়েছে। তীব্র ভাঙনে ইতিমধ্যে শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। অসময়ে এমন ভাঙনে পরিবার-পরিজন নিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন নদীপাড়ের মানুষ। এর মধ্যে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভাঙনের তীব্রতা আরো বেড়েছে। এদিকে যমুনা নদী থেকে অব্যাহতভাবে বালু উত্তোলন ও ট্রলারে পরিবহন করা হচ্ছে। ফলে সেখানে ভাঙন দেখা দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া, ভালকুটিয়া, চিতুলিয়াপাড়া, নিকরাইল ইউনিয়নের কোনাবাড়ীর একাংশ, পাটিতাপাড়াসহ কয়েকটি এলাকায় ভাঙন শুরু হয়েছে। রাতের বেলায় ভাঙন হয় বেশি। এতে মানুষজন তাদের ঘরবাড়ি ও আসবাবপত্র সরিয়ে নিতে পারে না। অনেকে ঘরবাড়িসহ আসবাবপত্র নদীগর্ভে চলে যাওয়ায় সর্বশান্ত হচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, ব্যক্তি উদ্যোগে চিতুলিয়াপাড়া, ভালকুটিয়া গ্রামের মানুষ তাদের শত বছরের পৈতৃক বসতভিটা যমুনা নদীর ভাঙন থেকে রক্ষায় মাটিভর্তি ব্যাগ ফেলেছেন। তবে তাদের এই উদ্যোগও কোনো কাজে আসছে না। প্রমত্তা যমুনা নদী রাত-দিন ভেঙে যাচ্ছে নতুন নতুন ঘরবাড়ি। চিতুলিপাড়া গ্রামের নান্নু ও ফজল বলেন, কয়েক দিনের ভাঙনে শত শত বাড়ি নদীগর্ভে চলে গেছে। মাথা গোঁজার ঠাঁইটুকুও রইল না। বাড়িঘর ও জমি রক্ষায় কেউ এগিয়ে আসেনি।
এর মধ্যে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে আরো ভেঙে গেছে নদীর পাড়। এছাড়া নদীপাড় ঘেঁষে বালু উত্তোলন ও পরিবহনের জন্য বড় বড় ট্রলার চলাচল করায় ভাঙন অব্যাহত রয়েছে। গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন চকদার বলেন, যমুনা নদীর ভাঙনে ইতিমধ্যে শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে চলে গেছে। এতে নদীপাড়ের মানুষজন অসহায় হয়ে পড়েছে। আরো শতাধিক পরিবার ভাঙনের আতঙ্কে রয়েছে। ভাঙন এখনো অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড কিছু অংশে জিও ব্যাগ ফেলেছিল ভাঙনরোধে। যেখানে ভাঙন শুরু হয়েছে সেখানে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এছাড়া ভাঙনে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। অতিদ্রুতই তাদের আর্থিক সহায়তা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান বলেন, যমুনা নদীতে ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনরোধের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এছাড়া অবৈধ বালুঘাট বা বালুমহালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাত হোসেন বলেন, ভূঞাপুরে যমুনা নদীতে ভাঙনের বিষয়টি জানা নেই। সেখানে ভাঙন শুরু হলে সেটি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
