বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন গায়ক ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম।
দুই পরিবারের আয়োজনে শুক্রবার (২৮ অক্টোবর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রীতম-শেহজাদের গায়ে হলুদ সম্পন্ন হয়েছে।
দীর্ঘ পাঁচ বছর আগে ‘জাদুকর’ গানের শুটিংয়ের সময় দুজনের একে অপরকে ভালোলাগা। পরে তা রূপ নেয় প্রণয়ে। অবশেষে পাঁচ বছর পর সেই সম্পর্ক পরিণয়ে রূপ নেয়।
এদিকে, প্রীতম-শেহজাদের গায়ে হলুদের আয়োজনে তোলা কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে প্রকাশ করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। শেহতাজের একটি ছবিতে মেহেদি রাঙা হাতে প্রীতমের নাম লিখতে দেখা গেছে। আরেকটি ছবিতে শেহতাজকে মেহেদি দিয়ে দিচ্ছেন সুনেরাহ। আরেকটি ছবিতে হলুদ পাঞ্জাবি পরে থাকতে দেখা গেছে প্রীতমকে।
