অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৫:০২

আড়াইহাজারে হালিমা বেগম (২৯) নামে এক অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৫ দিন পরে তার ডেলিভারির তারিখ ছিল। 

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতের স্বামীর পরিবারের লোকজন এ ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করছে। তবে পুলিশের সন্দেহ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ছয় বছর আগে শরিফপুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে হালিমার বিয়ে হয় পাশের দাইরাদি গ্রামের সালাউদ্দিনের সঙ্গে। এই দম্পতির পাঁচ বছরের একটি ছেলে রয়েছে। হালিমা ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিল। তার ডেলিভারির তারিখও নির্ধারিত হয়েছিল। এরই মধ্যে দেখা দেয় পারিবারিক কলহ। বৃহস্পতিবার দিবাগত রাতে বাথরুমের আড়ার সঙ্গে ঝুলতে দেখা যায় হালিমা বেগমকে। সংবাদ পেয়ে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। শুক্রবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা। 

ইত্তেফাক/পিও