জাতীয় সম্মেলন নিয়ে যা জানালেন ওবায়দুল কাদের

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৯:৫৩

বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন আগামী ২৪ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৪ ডিসেম্বর বন্দরনগরী চট্টগ্রামের পলো গ্রাউন্ডে জনসভা করবে আওয়ামী লীগ। এতে দীর্ঘদিন পরে দলীয় কোনও সমাবেশে প্রধান অতিথি হিসেবে সশরীরে হাজির হয়ে বক্তব্য দেবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত হয়। পরে গণভবন গেটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান সাংবাদিকদের।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি- ফোকাস বাংলা

ওবায়দুল কাদের বলেন, একটা বিষয় আমি জানাচ্ছি- আগামী ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা চট্টগ্রাম পলো গ্রাউন্ডে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।

সেতুমন্ত্রী বলেন, এবার একদিনে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ সম্মেলনে সকালে উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে। বিকেলে কাউন্সিল অধিবেশন হবে অর্থাৎ নেতৃত্ব নির্বাচন পর্ব। এরপর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

ছবি- সংগৃহীত

আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, করোনা মহামারির আগে-পরে দীর্ঘদিন আওয়ামী লীগের কোনো জনসভায় অংশ নেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিককালে চলতি বছরের ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের সময় স্থানীয় আওয়ামী লীগের এক জনসভায় বক্তব্য দেন তিনি। এবার সরাসরি দলীয় জনসভায় বক্তব্য দেবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে এবারের কাউন্সিল সাদামাটাভাবে করার নির্দেশনা দেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক সংকটের কারণে ব্যয় কমাতে হবে ২২তম জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিকতায়। তাই খরচ কমানোর জন্য আয়োজন হবে সাদামাটা।

ছবি- সংগৃহীত

এর আগে গত ২০১৯ সালের ২০ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রতিদিন বছর অন্তর জাতীয় সম্মেলন করা হয়। সে অনুযায়ী যথাসময়ে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ। বর্তমান কমিটির মেয়াদ পূর্ণ হওয়ার পরেই আওয়ামী লীগের এ জাতীয় সম্মেলন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হলো।

ইত্তেফাক/এমএএম