বিশ্বকাপের সুপার টুয়েলভে দ্বিতীয় জয়ের লক্ষ্য আজ নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের অন্যতম নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) বাংলাদেশ সময় দুপুর ২টায় এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড।
স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বৃষ্টিবাঁধায় পয়েন্ট হারিয়েছে নিউজিল্যান্ড।
টি-টোয়েন্টির বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ও স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৮৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে গতবারের রানার্সআপ নিউজিল্যান্ড। ব্যাটিং বোলিং দুই বিভাগেই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে স্বাগতিকদের উড়িয়ে দিয়েছিল কেন উইলিয়ামসনের দল।
স্বাগতিকদের হারিয়ে উড়তে থাকা নিউজিল্যান্ডকে দ্বিতীয় ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে আফগানিস্তানের বিপক্ষে। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে দু'দলের মেলবোর্নের ম্যাচটি।
২ খেলায় ১ জয় ও ১টি পরিত্যক্ত ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ-১ এর পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। নিজেদের তৃতীয় ম্যাচে জিতলেই টেবিলের শীর্ষস্থান ধরে রাখবে কিউইরা।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ সামনে রেখে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নয়, নিজেদের দ্বিতীয় জয় নিয়েই বেশি ভাবনা কিউইদের। ওপেনার ফিন অ্যালেন বলেন, ‘প্রথম ম্যাচ জিতলেও পরের ম্যাচে আমরা মাঠেই নামতে পারিনি। বৃষ্টিতে পরিত্যক্ত হয় ম্যাচটি। বৃষ্টির উপর তো কারও হাত নেই। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে উদগ্রীব দল। দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো আমরা। এ জন্য নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে। দ্বিতীয় জয়ের জন্য মুখিয়ে আছে শ্রীলঙ্কাও। আমাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিবে লঙ্কানরা। তাদের চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত।’
অন্যদিকে, সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছিলো শ্রীলঙ্কা। তবে পরের ম্যাচেই স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হারতে হয়েছে লঙ্কানদের। অজি ব্যাটার মার্কাস স্টোয়নিসের বিধ্বংসী ইনিংসের কাছেই অসহায়ভাবে আত্মসমর্পণ করতে হয়েছে এশিয়া কাপ চ্যাম্পিয়নদের।
২ ম্যাচে ১ জয় ও ১ হারে ২ পয়েন্টের সঙ্গে রানরেটে এগিয়ে থাকায় গ্রুপ-২ এর টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে শ্রীলঙ্কা। ব্ল্যাকক্যাপসদের মতো দ্বিতীয় জয়ে চোখ তাদেরও। লঙ্কান ব্যাটার ভানুকা রাজাপাকসে বলেন, ‘দ্বিতীয় জয়ের জন্য মুখিয়ে আছে দল। সব দিক দিয়ে ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী দল নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেই প্রমাণ দিয়েছে তারা। কিউইদের হারাতে হলে তিন বিভাগেই ভালো ক্রিকেট খেলতে হবে আমাদের।’
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৯বার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। কিউইদের ১০ জয়ের বিপরীতে শ্রীলঙ্কা জয় পেয়েছে ৭টিতে। দুই দলের মধ্যে ১টি করে ম্যাচ হয়েছে টাই ও পরিত্যক্ত।
