সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় মারুফ হাসান (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের নাসিক ৮নং ওয়ার্ডের জেলেপাড়া পুর এলাকায় এ ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মারুফ নাসিক ৮নং ওয়ার্ডের ধনকুন্ডা এলাকার দ্বিন মোহাম্মদ ভেন্ডারের ছেলে। সে নারায়ণগঞ্জ কলেজ এন্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র বলে জানা যায়। ঘটনার
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী এলাকা থেকে ইজিবাইকে করে চাষাড়ার দিকে যাচ্ছিল মারুফ। এ সময় ইজিবাইকটি জেলা পাড়া পুল এলাকায় পৌছলে সে ইজি বাইক থেকে রাস্তায় পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়। স্থানীয়রা আহত অবস্থায় মারুফকে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এদিকে ঘটনার পর এলাকাবাসী ট্রাক ড্রাইভার নূর হোসেন (২৩) কে আটক করে মারুফের সাথে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিয়ে যায়। এসময় হাসপাতাল থেকে ড্রাইভার নূর হোসেন কৌশলে পালিয়ে যায়।
এ বিষয়ে ওসি মশিউর রহমান জানান, মারুফ ইজিবাইকে করে চাষাড়া যাওয়ার পথে রাস্তায় পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় পিষ্ট হয়। এই ঘটনায় আমরা ইজিবাইক এবং ট্রাক দুটোই আটক করেছি। ঘাতক চালক আটকের চেষ্টা চলছে।
