বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করলে সংসদ ভেঙে যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তারা পদত্যাগ করলে সংসদের কিছু যাবে আসবে না।
দলের আসন্ন ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে রোববার (৩০ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় সম্মেলনকে সামনে রেখে নেত্রী দিকনির্দেশনা দিয়েছেন। সম্মেলনের প্রস্তুতি নিয়ে উপ-কমিটি করা হবে। আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি সমাবেশ করে না। বিএনপির সঙ্গে পাল্টাপাল্টির কোনো বিষয় নেই। আওয়ামী লীগের জাতীয় সম্মেলন এবং অন্যান্য সম্মেলন নিয়মিত প্রক্রিয়া।
বিএনপি আগুন সন্ত্রাস সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে প্রতিরোধ করা হবে জানিয়ে তিনি বলেন, সাম্প্রদায়িক অপশক্তির সহযোগিতা ছাড়া বিএনপির সভা-সমাবেশ এখনো অচল। বিএনপি এখনো জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক শক্তির বড় পৃষ্ঠপোষক। বিএনপির কোনো সভা সমাবেশে বাধা সৃষ্টি করেনি আওয়ামী লীগ। পরিবহনের লোকজন বিএনপিকে ভয় পায়। তাই তারা ধর্মঘট ডাকে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার দয়ায় মুক্তি পেয়ে বেগম জিয়া বাসায় আছেন। বেগম জিয়ার মুক্তির জন্য তাদের দলের নেতাকর্মীরা কোনো সভা সমাবেশ করতে পারেনি।
শেখ হাসিনা ঢাকার বাইরে সমাবেশ করবেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মাসে দুটি করে সম্মেলনে তিনি সশরীরে উপস্থিত থাকবেন। করোনার কারণে তিনি এতদিন সশরীরে যেতে পারেননি। তিনি ভার্চুয়ালে সব কাজ সম্পন্ন করেছেন।
