পাঁচ বছর প্রেমের সম্পর্ককে পরিণয়ে রূপ দিয়েছেন জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক প্রীতম হাসান এবং অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের নিয়ে নতুন জীবনে পা রাখেন তারা।
বিয়ের নানা মুহূর্তকে একত্রিত করে ভিডিও প্রকাশ করলেন প্রীতম। পুরো ভিডিওতে যুক্ত করা হয়েছে হাবিব ওয়াহিদের কণ্ঠে ‘ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে...’ গানটি। বিয়ের অনুষ্ঠানে সরাসরি গানটি গেয়েও শোনান তিনি।
এর আগে গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় প্রীতম-শেহজাদের গায়েহলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। সেই ঘরোয়া আয়োজনের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।
ছবিতে দেখা যাচ্ছে, শেহতাজের মেহেদি রাঙা হাতের মাঝখানে লেখা প্রীতম। সুনেরাহর সেই পোস্টের পরই এই জুটির বিয়ের খবরটি প্রকাশ্যে আসে।
প্রসঙ্গত, বরেণ্য সংগীতশিল্পী প্রয়াত খালিদ হাসান মিলুর ছোট ছেলে প্রীতম হাসান। ‘লোকাল বাস’, ‘বেয়াইন সাব’, ‘খোকা’সহ বেশ কিছু গান দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন প্রীতম। অভিনয় করেও নজর কেড়েছেন তিনি। সবশেষ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার ওয়েব কনটেন্ট ‘আড়ালে’।
অন্যদিকে, অনেক বছর ধরেই মডেলিং ও অভিনয়ের সঙ্গে জড়িত শেহতাজ। গেয়েছেন গানও। মূলত, কাজ করতে গিয়েই প্রীতমের সঙ্গে সম্পর্ক হয় তার।

