কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে মাধবপুর থানা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৯ অক্টোবর) সকালে 'শান্তি শৃঙ্খলা সর্বত্র' স্লোগানকে সামনে রেখে এই র্যালি বের হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর নেতৃত্বে র্যালিটি মাধবপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মিলনায়তনে এক সভায় মিলিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাহবুব আলী বলেন বলেন, আসুন সবাই মিলে মাধবপুরকে একটি অপরাধমুক্ত মডেল থানা হিসেবে গড়ে তুলি।
প্রতিমন্ত্রী বলেন, দেশের সাধারণ দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে দিনরাত পরিশ্রম করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সমাজের গুটি কয়েক অপরাধীদের জন্য সাধারণ মানুষ হয়রানি হবে, তা কোনভাবেই সহ্য করা হবে না। অপরাধীদের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে সমাজের সবাইকে সোচ্চার হতে হবে। অপরাধীদের সম্পর্কে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে।
তিনি পুলিশকে অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর হতে নির্দেশনা দিয়ে বলেন, তবে লক্ষ্য রাখতে হবে ভালো মানুষ যাতে হয়রানির শিকার না হয়।
সভায় আরও বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মহসীন আল মুরাদ, উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, চেয়ারম্যান মিজানুর রহমান, সৈয়দ আতাউল মোস্তাফা সোহেল, সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ, তাজুল ইসলাম, আব্দুল কুদ্দুছ মাখন, প্রেসক্লাবের সভাপতি অলিদ মিয়া, সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাংবাদিক শংকর পাল সুমন, আইয়ুব খান, মিজানুর রহমান প্রমুখ।
