সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে রাজধানীর উত্তরায় নিরাপদ সড়ক দিবসের মাসব্যাপী কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
উত্তরার রাজলক্ষ্মীতে সোমবার (৩১ অক্টোবর) বিকেলে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর উত্তরা শাখার আহ্বায়ক মোহাম্মদ আলী ও সদস্য সচিব আনোয়ার হোসেন মিজি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এসময় ব্যবসায়ী মোহাম্মদ আলী বলেন, দুর্ঘটনাগুলো আমাদের হাতেই তৈরি। তাই এগুলোকে দুর্ঘটনা বলা যায় না। এটা ক্র্যাশ। চালক প্রশিক্ষিত ও দক্ষ না হলে দুর্ঘটনা আরও বাড়বে। তিনি চালকদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
নিরাপদ সড়ক চাই উত্তরা শাখায় সদস্য সচিব আনোয়ার হোসেন মিজি বলেন, তুমুল প্রতিবাদ ও আন্দোলনের মুখে ২০১৮ সালে সড়কে মৃত্যু কমিয়ে শৃঙ্খলা ফেরাতে ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ পাস করা হয়। ১১১টি সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতিতে সে সময় সড়ক ছেড়ে ঘরে ফেরে শিক্ষার্থীরা। আর সড়কের নিরাপত্তা নিশ্চিতকরণে ৬ দফা নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সড়ক পরিবহন আইন ও প্রধানমন্ত্রীর নির্দেশনা কোনোটারই বাস্তবায়ন নেই সড়কে। এখনও সড়কজুড়ে দীর্ঘশ্বাস। প্রতিনিয়তই ঝরছে তাজা প্রাণ।
নিরাপদ সড়ক চাই উত্তরা শাখার মাসব্যাপী সমাপনী কর্মসূচি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ,আনোয়ার হোসেন (সদস্য সচিব), মোশাররফ হোসেন,এম কে আজাদ, শামসুল হুদা, মামুন বকাউল, আনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, ফারুকুজ্জামান হাজারী, নাসিমা ইয়াসমিন ও শিরিন আক্তার।
