সাভারে বাস চাপায় শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ১৪ জুন ২০১৯, ২২:২৩

সাভারে বাস চাপায় মিন্টু মোল্লা (২৬) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে তার সাথে থাকা অপর মোটরসাইকেল আরোহী সাজু মিয়া। শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের মধুমতি মডেল টাউনের উত্তর পাশের পেট্রোল পাম্পের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

মিন্টু কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়রে আলীপুর কুনিহাটি গ্রামরে কেরামত মোল্লার ছেলে এবং আহত সাজু মিয়া একই গ্রামের মোঃ ফারুক মিয়ার ছেলে। মিন্টু রাজধানীল মিরপুর সরকারী বাঙলা কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র ছিলো বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে মধুমতি মডেল টাউনের উত্তর পাশের পেট্রোল পাম্পের সামনে উল্টো দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি কোচ (ঢাকা মেট্রো-ব ১৪-৭৩৫০) মিন্টু মোল্লা ও সাজুকে বহন করা ঢাকাগামী মোটর সাইকেলকে চাপা দেয়। এসময় মিন্টু ও সাজু গাড়ীর নিচে চাপা পরে এবং মোটরসাইকেলটি মহাসড়কের উপর দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা দুই মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতক চিকিৎসক মিন্টু মোল্লাকে মৃত ঘোষণা করেন। এছাড়া সাজুর অবস্থাও আশঙ্কাজনক। তার একটি পা সম্পূর্ণ ভেঙ্গে গেছে। তবে ঘটনার পর হানিফ পরিবহনের গাড়িটি পালিয়ে যাওয়ায় গাড়ি কিংবা এর চালককে আটক করা সম্ভব হয়নি।

আরো পড়ুন: কর্মসংস্থান আছে বলেই ধান কাটা লোকের অভাব: প্রধানমন্ত্রী

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণ কৃষ্ণ জানান, উল্টো পাশ দিয়ে আসা হানিফ পরিবহনের বাসের ধাক্কায় মোটর সাইকেল চালক মিন্টু মোল্লা মাথায় প্রচণ্ড আঘাত পান। এসময় তাকে হাসপাতালে নেয়ার পথে অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে তার মৃত্যু হয়। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে দায়ী বাস ও এর চালককে আটকের চেষ্টা চলছে।

ইত্তেফাক/আরকেজি