ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পিসকিপিং ট্রেনিং সেন্টার এর বার্ষিক সম্মেলন শুরু

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১৩:৪০

বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আন্তর্জাতিক শান্তিরক্ষা অপারেশনের প্রশিক্ষণ সম্পর্কিত আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পিসকিপিং ট্রেনিং সেন্টার (আইএপিটিসি) এর ২৬তম বার্ষিক সম্মেলন সোমবার (৩১ অক্টোবর ২০২২) বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট), রাজেন্দ্রপুর সেনানিবাসে শুরু হয়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয়ে ‘তথ্য প্রযুক্তির যুগে বিশ্ব শান্তিরক্ষায় চ্যালেঞ্জ ও সম্ভাবনাসমূহ’।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, এই সম্মেলন এমন একটি সময় হচ্ছে, যখন বিশ্বব্যাপী নানা ধরণের আন্তঃরাষ্ট্রীয় এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের তীব্রতা ও জটিলতা নজিরবিহীন রূপ ধারণ করেছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বিশ্ব শান্তিরক্ষায় আমরা সকলে একযোগে কাজ করছি। এক্ষেত্রে আইএপিটিসি শান্তিরক্ষীদের আভিযানিক দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণের মানোন্নয়ন ও আধুনিকায়নের মাধ্যমে বিশ্ব শান্তিরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী তৃতীয়বারের মতো এই গুরুত্বপূর্ণ সম্মেলনের আয়োজন করছে যা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক ও সামরিক উভয় অঙ্গনে বাংলাদেশের বলিষ্ঠ নেতৃত্বের উদাহরণ। তিনি বলেন, ২০১১ সালে প্রধানমন্ত্রী জনগণের ক্ষমতায়ন ও শান্তি কেন্দ্রিক উন্নয়নের যে মডেল জাতিসংঘ সাধারণ অধিবেশনে উপস্থাপন করেছিলেন তা আজকের সংকটময় নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় আরো বেশি প্রাসঙ্গিক।

আইএপিটিসি শান্তিরক্ষী অপারেশন, প্রশিক্ষণ ও গবেষণার সাথে জড়িত নীতিনির্ধারক, গবেষক, শান্তিরক্ষী প্রশিক্ষক ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের এবং প্রতিষ্ঠানসমূহের একটি অনন্য প্লাটফর্ম।

উল্লেখ্য, কানাডার পিয়ারসন পিসকিপিং সেন্টারে ০২ জুলাই ১৯৯৫ সালে এই সংস্থার কার্যক্রম শুরু হয়েছিল।

সম্মেলনে প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত, বিভিন্ন সংস্থার প্রতিনিধি, সেনাবাহিনী প্রধান, সংসদ সদস্য, বাংলাদেশ পুলিশ এর মহাপরিদর্শক, জাতিসংঘের সামরিক উপদেষ্টা, জাতিসংঘের ভারপ্রাপ্ত পুলিশ উপদেষ্টা, বাংলাদেশে নিযুক্ত ডিফেন্স মিলিটারি অ্যাটাশেগণ, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা, জাতিসংঘের অন্যান্য সংস্থার প্রধান/প্রতিনিধি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনুষদ, আইএপিটিসি এর সদস্যভূক্ত ৫০টির বেশি দেশ হতে আসা প্রায় ১৩৫ জন বিদেশি প্রতিনিধি ও সাংবাদিক এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসসি