বাথরুম থেকে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১৮:৫৩

ভোলার লালমোহন থানার বদরপুর গ্রামে নিজ বাড়ির বাথরুম থেকে লাইজু আক্তার (৪০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ ওই গ্রামের হেজু মিয়ার স্ত্রী।

বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বদরপুর গ্রামে ঘটনা ঘটে। নিহত গৃহবধূর স্বামী হেজু পেশায় একজন জেলে। তাদের ৩ বছর বয়সী কন্যা সন্তান রয়েছে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার (১ নভেম্বর) রাতে লাইজু ও তার স্বামী এবং ৩ বছর বয়সী কন্যাকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়েছিলেন। মধ্যরাতে তার স্বামী মাছ শিকারের জন্য নদীতে চলে যায়। বুধবার সকালে লাইজু বাড়ির কাজ শেষ করে বাথরুমে যায়। দীর্ঘসময় ধরে বাথরুম থেকে বের না হওয়ায় পরিবারের লোকজন বাথরুমের দরজা ভেঙে লাইজুর লাশ পড়ে থাকতে দেখেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠান। 

লালমোহন থানার এসআই উত্তম কুমার বলেন, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। সুরতহাল প্রতিবেদনে পুলিশের ধারণা লাইজু স্ট্রোক করে মারা যেতে পারে।

লালমোহন থানার ওসি মো. মাহবুব রহমান জানান, লাইজুর মৃত্যুর ঘটনায় তার পরিবারের কারো কোনো অভিযোগ নেই। তবে ঘটনাটির তদন্ত চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/পিও/জেএ