পাকিস্তানকে হারিয়েই শেষ চারে যেতে চায় দক্ষিণ আফ্রিকা

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০৯:৫৬

পাকিস্তানকে হারিয়েই সেমিফাইনাল নিশ্চিত করতে চায় দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে জিতলেই সেমিফাইনালে পৌঁছে যাবে প্রোটিয়ারা। 

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় আজ দুপুর ২টায় শুরু হবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার ম্যাচটি। আজ জিতলে যেমন প্রোটিয়ারা  চলে যাবে সেমিফাইনালে, তেমন আজ হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নেমে পাকিস্তান। 

সেমিফাইনালে খেলার আশা এখনও অনেক যদি-কিন্তু’র উপর নির্ভর করছে পাকিস্তানের। এজন্য অন্যান্য দলের ফলাফলে দিকে তাকিয়ে থাকার সঙ্গে শেষ দুই রাউন্ডের ম্যাচে জিততেই হবে পাকিস্তানকে।

এখন পর্যন্ত ৩ শেষে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে দক্ষিণ আফ্রিকা। সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে রয়েছে পাকিস্তান।

পাকিস্তানকে হারালে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট হবে ৭। তাতে সেমিফাইনালে পৌঁছে যাবে তারা। এক ম্যাচ বাকি রেখে সেমির টিকিট নিশ্চিত করবে দক্ষিণ আফ্রিকা। আর আজ হেরে গেলেও নিজেদেরে শেষ ম্যাচে নেদারল্যান্ডের সঙ্গে জিতলেও সেমি নিহসচিত হবে প্রোটিয়াদের।

এদিকে পাকিস্তানের সেমিফাইনাল খেলা নির্ভর করছে পরের ম্যাচগুলোর ফলাফলের উপর। দক্ষিণ আফ্রিকার কাছে হারলেই সুপার টুয়েলভ থেকেই বিদায় নিশ্চিত হবে পাকিস্তানের। এছাড়াও পাকিস্তানের সেমিফাইনাল খেলা নির্ভর করছে অনেক যদি কিন্তুর ওপর।

এসব যদি-কিন্তু’র হিসাবকে পাশে রেখেই নিজেদের শেষ দুই ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না পাকিস্তান। দলের মিডল-অর্ডার ব্যাটার শান মাসুদ বলেন, ‘আমাদের সেমিফাইনাল খেলার সম্ভাবনা অনেক হিসাবের উপর নির্ভর করছে। সেসব হিসাবের সঙ্গে বড় চ্যালেঞ্জ শেষ দুই ম্যাচে জিততেই হবে। দক্ষিণ আফ্রিকা শক্তিশালী দল। আগের ম্যাচে ভারতকে হারিয়েছে তারা। এখনও কোন ম্যাচ হারেনি তারা। আমাদের জিততে হলে সেরা ক্রিকেটই খেলতে হবে।’

এ দিকে, সেমিফাইনাল মাথায় রেখে পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য মুখিয়ে আছে দক্ষিণ আফ্রিকাও। দলের ওপেনার কুইন্টন ডি কক বলেন, ‘আগের ম্যাচে ভারতের বিপক্ষে জয় দলকে দারুন আত্মবিশ্বাসী করেছে। পাকিস্তানের বিপক্ষেও জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। তবে কাজটি সহজ হবে না। পাকিস্তানও জয়ের জন্য মরিয়া হয়ে আছে। আমরা যেকোন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এবং জয় নিয়ে মাঠ ছাড়তে চাই।’

ইত্তেফাক/এসএস