রংপুর সিটি করপোরেশনের নির্বাচন হবে আগামী ২৭ ডিসেম্বর। বৃহস্পতিবার (৩ নভেম্বর) নির্বাচন কমিশনের নবম সভায় এ সিদ্ধান্ত হয়। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের নবম সভা শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা সভায় অংশ নেন।
ইসি সচিব বলেন, ‘সভায় বিস্তারিত আলোচনার পর রংপুর সিটির নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশনের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’
তিনি আরও বলেন, ‘ভোটের বিস্তারিত তফসিল পরে ঘোষণা করা।’
উল্লেখ্য, ২০১৭ সালের ২১ ডিসেম্বর রংপুর সিটিতে সর্বশেষ নির্বাচন হয়েছিল। প্রথম সভা হয় ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি। কোনো সিটির মেয়াদ ধরা হয় প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর। সেই অনুসারে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি রংপুর সিটির মেয়াদ শেষ হচ্ছে।
