ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ ও ওয়েস্টার্ন প্যাসেফিক নেভাল সিম্পোজিয়াম এ অংশ নিতে জাপান গেলেন নৌপ্রধান

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১৫:২৭

জাপানে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ ও ১৮তম ওয়েস্টার্ন প্যাসেফিক নেভাল সিম্পোজিয়াম এ অংশ নিতে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল বুধবার রাতে ঢাকা ছেড়েছেন। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং কমান্ডার ঢাকা নৌ অঞ্চল তাকে বিদায় জানান। 

জাপান সফরকালে নৌবাহিনী প্রধান ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ প্রত্যক্ষ করবেন এবং ওয়েস্টার্ন প্যাসেফিক নেভাল সিম্পোজিয়াম এ অংশগ্রহণ করবেন। এছাড়া সফরকালে নৌপ্রধান জাপানের মেরিটাইম সেলফ ডিফেন্স এর প্রধান এডমিরাল সাকাই রিও এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। পাশাপাশি তিনি ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডার এডমিরাল স্যামুয়েল পাপারো ভারতীয় নৌবাহিনী প্রধান এডমিরাল আর হরি কুমার, রয়্যাল থাই নৌবাহিনীর কমান্ডার ইন চীফ চোয়েংচাই চোমচোয়েংপেট এবং কোরিয়ার নৌবাহিনীর চীফ অফ নেভাল অপারেশন্স এডমিরাল লি জং হো এর সঙ্গে পারস্পারিক সহযোগিতা বাড়ানোসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে মতবিনিময় করবেন।

আগামী ৫ হতে ১০ নভেম্বর জাপানের ইয়াকোহামাতে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউয়ে বাংলাদেশ ও জাপানসহ ওয়েস্টার্ন প্যাসেফিক নেভাল সিম্পোজিয়াম এর সদস্য এবং পর্যবেক্ষক দেশগুলোর নৌপ্রধান, প্রায় অর্ধ-শতাধিক জাহাজ, সাবমেরিন ও এয়ারক্রাফট অংশগ্রহণ করবে।

১৮তম ওয়েস্টার্ন প্যাসেফিক নেভাল সিম্পোজিয়াম অধিবেশনে নৌপ্রধানদের সম্মেলনে ভারত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশের সমুদ্র নিরাপত্তা এবং সংশ্লিষ্ট দেশগুলোর সাথে বাংলাদেশ নৌবাহিনীর বিদ্যমান পারস্পারিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুসংহত হবে।

সফর শেষে নৌপ্রধান ১২ নভেম্বর দেশে ফিরবেন।

ইত্তেফাক/এসসি