ডেঙ্গুতে রেকর্ড ৯ মৃত্যু, হাসপাতালে ৮৮২ রোগী

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ২০:১৯

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৯ জনের মৃত্যু হয়েছে। যা চলতি একদিনে বছরে সর্বোচ্চ। এর আগে গত ১৩ অক্টোবর একদিনে ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬১ জনে। একই সময়ে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নতুন ৮৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৮২ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৯৮ জন এবং ঢাকার বাইরে ৩৮৪ জন। নতুন আক্রান্তসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৬৭৬ জনে।

ছবি: আব্দুল গনি

অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৯৮৩ জন। এর মধ্যে ঢাকায় ২৭ হাজার ৬৪৬ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ১৩ হাজার ৩৩৭ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৭ হাজার ১৪৬ জন।

২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়।

ইত্তেফাক/এনএ/এআই