কক্সবাজার বেড়াতে এসে সমুদ্র সৈকতে নেমে হাঁটুপানিতে জ্ঞান হারিয়ে মৃত্যুবরণ করেছেন কুমিল্লার এক কলেজ শিক্ষার্থী।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বেলা দেড়টার দিকে সমুদ্রের সী-গাল পয়েন্টে সৈকতের হাঁটু পানিতে হঠাৎ পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান এ শিক্ষার্থী। সৈকতের লাইফগার্ড কর্মীরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তথ্যটি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মাসুম বিল্লাহ। সলিল সমাধি হওয়া মোহাম্মদ আরিফ (২১) কুমিল্লার মুরাদনগর কাজী রোমান আহমেদ ডিগ্রি কলেজে প্রথম বর্ষের শিক্ষার্থী এবং ঐ এলাকার বাবুল মিয়ার ছেলে।
সৈকতে দায়িত্বরত জেলা প্রশাসনের কর্মী বেলাল হোছাইনের বরাতে পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, একই এলাকার মৃত বাবুল খানের ছেলে আরিফ আসিফ খান নামে এক বন্ধুকে সঙ্গে নিয়ে কক্সবাজার আসেন গত বুধবার। তারা দুই জনই কলাতলীর সী সান হোটেলে অবস্থান উঠেছিলেন। বৃহস্পতিবার সৈকতে বেড়াতে গিয়ে হাঁটু পানিতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান আরিফ। লাইফ গার্ড কর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. আশিকুর রহমান জানান, সৈকত থেকে আনা যুবক হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু বরণ করেন। প্রাথমিকভাবে হৃদক্রিয়া বন্ধ হয়ে এ মৃত্যু হয়েছে বলে ধারণার কথা জানান তিনি।
