গত ১৫ অক্টোবর ‘বিভিন্ন সমস্যায় ভুগছে ফরিদগঞ্জ পৌরবাসী’ শিরোনামে দৈনিক ইত্তেফাকে খবর প্রকাশের পর চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা সড়কের মাথায় ময়লার ভাগাড়ের স্থানটিতে ফুল ও ফল গাছের চারা রোপনের সিদ্ধান্ত নিয়েছে পৌর কর্তৃপক্ষ।
গত ৩০ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমুননেছা, পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, মৎস্য ও কৃষি কর্মকর্তার সমন্বয়ে আলোচনা করে পৌর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
ফলে ওই স্থানে অবস্থিত মৎস্য দফতরসহ আশপাশের পরিবেশ দুগর্ন্ধ মুক্ত হতে চলছে।
বৃহস্পতিবার সরেজমিনে ময়লার ভাগাড়ের স্থানে বালি দিয়ে ভরাট করতে দেখা গেছে।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা বলেন, দীর্ঘদিন অসহনীয় পরিবেশে অফিসের কাজ করতে হয়েছে। পৌর মেয়রের ইতিবাচক উদ্যোগে আমাদের অফিসসহ আশপাশের এলাকার মানুষ স্বস্তি বোধ করবে।
এ বিষয়ে পৌর প্যানেল মেয়র আ. মন্নান পরান বলেন, পৌরবাসী সময়মত কর পরিশোধ করলে আমরা পৌর এলাকার পরিবেশকে নান্দনিকভাবে গড়ে তুলতে পারবো। এ পথে চলাচলকারী ও মৎস্য অফিসের কথা চিন্তা করেই মেয়র মহোদয় জরুরি ভিত্তিতে এ উদ্যোগ নিয়েছেন।
এদিকে, গত ১৫ অক্টোবরে প্রকাশিত খবরে বলা হয়েছে যে রূপসা সড়কের মাথায় ময়লার ভাগাড় করে রাখায় দুর্গন্ধে মৎস্য অফিসসহ আশাপাশ এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এমন কী ওই সড়কের পথচারীদের নাক চেপে চলাচল করতে হয়। তাছাড়া এলাকারবাসী এ সমস্যা সমাধানে জন্য বহুবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হয়ে এখন প্রতিবাদ করার ভাষাও হারিয়ে ফেলেছে।

