‘বিএনপির মিথ্যাচার-সন্ত্রাসের দাঁতভাঙা জবাব হবে ঢাকার মহাসমাবেশ’

খুলনায় বিভাগীয় প্রস্তুতি সভায় যুবলীগ নেতৃবৃন্দ

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ২০:৩১

বিএনপির মিথ্যাচার ও সন্ত্রাসের দাঁতভাঙা জবাব হবে যুব মহাসমাবেশ। আগামী ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে এই রাজনৈতিক জবাব দেওয়া হবে। শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী বাস্তবায়ন কমিটির খুলনা বিভাগীয় প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ এ কথা বলেন। 

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন-এর সভাপতিত্বে ও যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ জালালউদ্দিন রুবেল। 

সভায় যুবলীগ নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের তরুণ সমাজের অহংকার হচ্ছে যুবলীগ। বাংলার আনাচে-কানাচে সর্বত্র যুবলীগ তার কার্যক্রমের মধ্য দিয়ে মানুষের জনপ্রিয়তার চরম শিখরে অবস্থান করছে। 

নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘মানুষকে বিভ্রান্ত করে, অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের বিএনপির স্বপ্ন দুঃসহ স্বপ্নে পরিণত হবে। উন্নয়ন, জবাবদিহিতা ও স্বাধীনতা এবং সার্বভৌমত্বের আহ্বানে গণজাগরণ গড়ে তোলা হবে। সেই গণজাগরণের দুর্নীতি ও হত্যা মামলার আসামি খালেদা জিয়া ও তারেকের দিবা স্বপ্ন ভেঙে খান খান হয়ে যাবে।’

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আওয়ামী যুবলীগের প্রেসডিয়াম সদস্য রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি জোদ্দার, মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ, সহসম্পাদক মো. বাবলুর রহমান বাবলু, কার্যকরী সদস্য মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, মো. হুমায়ুন কবির, জি এম গফফার হোসেন, মো. তারিক আল মামুন প্রমুখ। 

উপস্থিত ছিলেন-মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনসহ খুলনা বিভাগের ১১ জেলার যুবলীগের সভাপতি, সাধারণ, উপজেলা ও পৌরসভা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

সুবর্ণজয়ন্তী বাস্তবায়ন কমিটির সভায় খুলনা বিভাগের সকল জেলা, থানা ও পৌরসভা ইউনিটের সমন্বয়ে অর্ধলক্ষ নেতা-কর্মী ঢাকায় সমাবেশে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ইত্তেফাক/এএএম