বরিশালে ছাত্রলীগের মহড়া

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ২০:৫০

বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশে যোগ দিতে বরিশালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসার ঠিক আগ মুহূর্তে নগরীতে মোটরসাইকেল মহড়া দিয়েছে ছাত্রলীগ। শুক্রবার (৪ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় ঢাকা থেকে বিমানযোগে বরিশালে পৌঁছায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে বিশাল শোডাউন নিয়ে বরিশালে প্রবেশ করে তারা। ঠিক এর আগ মুহূর্তে নগরীতে মোটরসাইকেল মহড়া দেয় ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদ সেরনিয়াবাতের নেতৃত্বে মহড়াটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

সাজ্জাদ সেরনিয়াবাত বলেন, ‘বরিশালে বিএনপি একটি নাটকীয় সমাবেশের আয়োজন করেছে। সেই সমাবেশকে কেন্দ্র করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। নগরীতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সন্ত্রাসী দল বিএনপি না করতে পারে সেজন্য আমরা সজাগ রয়েছি।’

বিশাল বহরসহ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে নগরীতে আসে ছাত্রদল। ছবি: ইত্তেফাক

বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি বলেন, ‘কেন্দ্রীয় নেতারা বরিশালে এসেছেন। এবারের আন্দোলন সরকার পতনের আন্দোলন।’

এদিকে বিকালে সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যান থেকে নগরীতে সমাবেশ সফল করতে মিছিল করেছে ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহামুদ জুয়েলের নেতৃত্বে ছাত্রদলের নেতা-কর্মীরা নগরীতে মিছিলটি করেছে। ছাত্রদল, ছাত্রলীগ ও বিএনপি নেতাদের এমন অবস্থানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বরিশালে।

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিমেল বলেন, ‘আমরা কোনো সহিংসতার পক্ষে নয়। আমরা চাই শান্তিপূর্ণ সমাবেশ। আমাদের বাঁধা দিয়ে কোনো লাভ হবে না, আমাদের নেতা-কর্মীরা জনসভাস্থলে আসবেই।’

ইত্তেফাক/এএএম