অন্যান্য ফসলের তুলনায় কম খরচে অধিক লাভের আশায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃষকরা আগাম ভুট্টা চাষে ঝুঁকে পড়েছেন।
উপজেলা কৃষি অফিসের ভাষ্যমতে, চলতি মৌসুমে উপজেলায় তিন হাজার ২৬৫ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ভুট্টা চাষের জন্য ডিসেম্বর মাস বীজ বপনের উপযুক্ত সময়। তবে বাড়তি লাভের আশায় অক্টোবর মাসের শেষ দিক থেকেই আগাম জাতের ভুট্টা চাষে মাঠে নেমে পড়েছেন উপজেলার বিভিন্ন এলাকার চাষিরা। বর্তমানে জমি তৈরিসহ লাইন টেনে বীজ বপনের কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা।
সরেজমিনে উপজেলার শিবনগর ইউনিয়নের গঙ্গা প্রসাদ, পাঠকপাড়া, আলাদিপুর ইউনিয়নের রাঙামাটি, রাজারামপুর, এলুয়ারি ইউনিয়নের গণিপুর ও খয়েবাড়ী ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকা ঘুরে দেখা গেছে, অন্তত ৫-৭ জন কৃষিশ্রমক দলবেধে জমিতে দড়ি দিয় লাইন টেনে ভুট্টার বীজ বপন করছেন। দিন ছোট হওয়ায় কাকডাকা ভোর থেকেই কৃষিশ্রমিকরা, বিশেষ করে পুরুষরা জমিতে কাজে নেমে পড়ছেন।
শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর গ্রামের ভুট্টা চাষি মামুনুর রশিদ জানান, গত বছর সাড়ে তিন একর জমিতে ভুট্টা চাষ করেছিলেন তিনি। আগেভাগে ক্ষেতের ভুট্টা ঘরে তোলায় আশানুরূপ লাভও পেয়েছেন। এ বছর তিনি সাড়ে চার একর জমিতে আগাম জাতের ভুট্টা চাষ করছেন। ক্ষেতে রোগবালাই কম আক্রমণ করে। অন্যান্য ফসলের চেয়ে সেচ ও সার কম লাগে।
তিনি বলেন, বাজারে ভুট্টার চাহিদা থাকায় দামও ভালো পাওয়া যায়। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে অন্যান্য ভুট্টার চেয়ে অন্তত দুই মাস আগে ক্ষেতের ভুট্টা ঘরে তোলা যাবে।
একই ইউনিয়নের দাদপুর মালিপাড়া গ্রামের আগাম ভুট্টাচাষি বিদ্যুৎ হোসেন জানান, আগেভাবে ভুট্টা ঘরে তুলতে পারলে আশানুরূপ লাভের মুখ দেখা যায়। এ কারণে দুই বিঘা জমিতে আগেভাগে আগাম ভুট্টা চাষে নেমেছেন তিনি। শুধু তিনিই নয়, এলাকার অন্তত ৩০ ভাগ কৃষক আগাম ভুট্টা চাষে ঝুঁকে পড়েছেন লাভের আশায়।
উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায়, রবি মৌসুমের ফসল ভুট্টা বছরে দুইবার চাষ করা হয়। আগাম জাতের ভুট্টা সাধারণত অক্টোবরের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত চাষ করা যায়। আবার নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের ভুট্টা চাষাবাদ করা যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার বলেন, কম খরচে চাহিদা অনুযায়ী লাভ পাওয়ায় উপজেলার চাষিরা ভুট্টা চাষে দিন দিন আগ্রহী হয়ে উঠছেন। এ জন্য ভুট্টা চাষ বেড়েছে উপজেলাজুড়ে। কৃষি বিভাগের ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি আশা করছেন।
