নারায়ণগঞ্জের বন্দরে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৬ নভেম্বর) দিবাগত গভীর রাতে মুছাপুরের জহরপুর এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে আয়েশা বেগম (৪৮) নামে এক মা খুন হয়েছেন।
অপরদিকে, সোমবার (৭ নভেম্বর) সকালে বন্দরের বনপাড়া এলাকা থেকে নিখোঁজ অটোচালক মাসুম হাওলাদারের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, ঘুমন্ত মা'কে ছুরিকাঘাতে হত্যার পর ঘাতক ছেলে সজিব (৩২) পালিয়ে গেছে। নিহত আয়শা বেগম জহরপুর এলাকায় আব্দুল আলীর মেয়ে।
এছাড়া অটোচালক মাসুম বাগেরহাটের মোড়লগঞ্জের কাটবুনিয়া গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে। বন্দরের চিতাশাল এলাকার আল আমিনের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। গত শনিবার রাতে তিনি নিখোঁজ হন।
আয়শার বাবা আব্দুল মিয়া জানান, প্রতিদিনের মতো রোববার রাতে নিজ ঘরে মা-ছেলে ঘুমিয়ে পড়ে। রাত ৩টার দিকে সজিব তার মাকে ঘুমন্ত অবস্থায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়।
তিনি বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে বের হয়ে মেয়ের ঘরের দরজা খোলা দেখতে পাই। এ সময় ঘরে প্রবেশ করে দেখি মেয়ের রক্তাক্ত দেহ বিছানায় পড়ে আছে। আমাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। সজিবের জন্ম হওয়ার পর স্বামী রফিক রেখে চলে গেলে একমাত্র ছেলেকে নিয়ে আমার বাড়িতে বসবাস করতো আয়েশা।
বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি আবু বকর ছিদ্দিক জানান, মুছাপুর ইউপির জহরপুর এলাকায় এক নারীকে তার মাদকাসক্ত ছেলে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। এছাড়া সকালে বন্দর গনপাড়া এলাকায় এক ডোবা থেকে নিখোঁজ অটোচালকের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়। পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
