নারায়ণগঞ্জের রূপগঞ্জে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে রাশেদ (২৫) নামে এক চোরাই তেল ব্যবসায়ী খুন হয়েছেন। নিহত রাশেদ ভোলা জেলার লালমহন উপজেলার ধলীগৌর নগর এলাকার আলাউদ্দিনের ছেলে। তিনি রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় বসবাস করে চোরাই তেলের ব্যবসা করতেন।
সোমবার (৭ নভেম্বর) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরীয়া স্ট্যান্ডের পাশে এই হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত একটার দিজে নিজ দোকানে চার পাঁচজন ব্যক্তির সঙ্গে রাশেদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাশেদকে তারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রাশেদকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ডিকেএমসি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা কলেজ মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাশেদকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (গ সার্কেল) আবির হোসেন জানান, গত রাতে ৪/৫ জল ব্যক্তি তার দোকানে তেল কিনতে আসে। তেল দেওয়ার পর দাম নিয়ে রাশেদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে কেউ সঙ্গে থাকা ছুরি দিয়ে রাশেদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত রাশেদকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। তবে ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রয়াধীন রয়েছে।
