মধ্যবর্তী নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় বাইডেন ও ট্রাম্প

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ০২:৩৯

যুক্তরাষ্ট্রে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন আজ মঙ্গলবার। ভোটের জন্য প্রস্তুত পুরো দেশ। যদিও ব্যালটে কোথাও তাদের নাম নেই, কিন্তু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী ভোট প্রেসিডেন্ট জো বাইডেন এবং  সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এক অগ্নিপরীক্ষা। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারা নিজ দলের পক্ষে ভোট চাইতে বিভিন্ন রাজ্য সফর করেছেন।

গতকাল সোমবার ছিল প্রচারণার শেষ দিন। নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। ভোটের পূর্ণাঙ্গ ফল পেতে সপ্তাহ লেগে যেতে পারে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। তবে প্রাথমিক ফল হয়তো শিগিগরই পাওয়া যেতে পারে। এই নির্বাচনকে যুক্তরাষ্ট্রে গতিপ্রকৃতি নির্ধারণের এবং গণতন্ত্র রক্ষার ভোট বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট বাইডেন।

ইউক্রেন যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি এখন সংকটে পড়েছে। তাই এবারের নির্বাচনে ভোটারদের কাছে প্রথম ইস্যু হয়ে উঠেছে অর্থনীতি। বিভিন্ন জরিপে দেখা গেছে, দ্বিতীয় ইস্যু গণতন্ত্র। অন্যান্য ইস্যুর মধ্যে গুরুত্বপূর্ণ গর্ভপাত। এসব ইস্যুর ওপর নিজেদের রায় জানাবেন মার্কিনীরা। যদিও ইতিমধ্যে চার কোটি ১০ লাখের বেশি আগাম ভোট পড়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যায় মেরিল্যান্ডে সমাবেশে অংশ নেন প্রেসিডেন্ট বাইডেন। সেখানে রিপাবলিকান গভর্নরকে হটাতে চেষ্টা চালাচ্ছেন ডেমোক্র্যাটরা। তিনি ভোটারদের সতর্ক হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। 

এর আগে রবিবার নিউ ইয়র্কে এক সমাবেশে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আমরা জানি যে মার্কিন গণতন্ত্র হুমকির মুখে। প্রেসিডেন্ট বাইডেনের পূর্বসূরি ট্রাম্প শেষ দিনে প্রচারণা চালিয়েছেন ওহাইওতে। তিনি ২০২৪ সালেও প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন। সেক্ষেত্রে ওহাইওতে রিপাবলিকান ভোটারদের ধরে রাখাটা তার জন্য গুরুত্বপূর্ণ। শেষ মূহূর্তের প্রচারণায় মূলত দুই দল রাজনৈতিক মূল্যবোধের ওপরই গুরুত্ব দিয়েছে।

ইত্তেফাক/ইআ