সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবহা বিমানবন্দরে আবারো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শুক্রবার সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। খবর ফক্স নিউজের।
দুইদিন আগে সৌদি আরবের ঐ একই বিমানবন্দর লক্ষ্য করে হুতি বিদ্রোহীরা হামলা চালিয়েছিল। সে সময়েও ২৬ জন বেসামরিক লোক আহত হয়েছিল।
এ ঘটনা এমন এক সময়ে ঘটলো যখন পারস্য উপসাগরে উত্তেজনা বিরাজ করছে। এদিকে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি তারা সেখানে ড্রোন হামলাও চালিয়েছে। সৌদি জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আবহা বিমানবন্দর এবং একই অঞ্চলের খামিস মুসহাইত এলাকায় পাঁচটি ড্রোন ভূপাতিত করেছে।
এক বিবৃতিতে জোটের পক্ষ থেকে বলা হয়েছে, ‘হুতিদের সঙ্গে কর্মরত সন্ত্রাসী সংগঠনগুলোর বিদেশি বিশেষজ্ঞদের হামলার লক্ষ্যবস্তু’ করা হয়েছে। তবে ‘বিদেশি বিশেষজ্ঞদের’ জাতীয়তা কিংবা তারা হামলার শিকার হয়েছে কিনা এ ব্যাপারে কিছু বলা হয়নি।
আরও পড়ুন: তেল ট্যাংকারে হামলা রূপ নিতে পারে যুদ্ধে
অন্যদিকে জোটের মুখপাত্র তুর্কি আল মালকি জানান, আবহা বিমানবন্দরের আগমন গেটের কাছে ওই হামলা হয়েছে। এটি এমন একটি জায়গায় অবস্থিত যার পাশেই রয়েছে ইয়েমেনি সীমান্ত।
ইত্তেফাক/এসআর
