কবিরাজ দেখানোর কথা বলে বৃদ্ধকে হত্যা

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১৭:১৩

মৌলভীবাজারের কুলাউড়ায় কবিরাজ দেখানোর কথা বলে জয়নাল মিয়া (৬৫) নামের এক বৃদ্ধকে গভীর জঙ্গলে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) সন্ধার পর উপজেলার জয়চন্ডি ইউনিয়নের পাহাড়ি পাঁচপীর জালাই এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জয়নাল মিয়া রাজনগর উপজেলার দত্তগ্রাম এলাকার মৃত মুনসী আরজদ মিয়ার ছেলে।

ঘটনা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুছ ছালেক জানান, সন্ধ্যার দিকে জয়নাল মিয়াকে কবিরাজ দেখানোর কথা বলে রাজনগরের টেংরা বাজার থেকে নিয়ে যায় অজ্ঞাত দুই যুবক। পাঁচপীর জালাই রাবার বাগানে নিয়ে তাকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নূসরাত জাহান জয়নালকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, নিহত বৃদ্ধের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘাতক যুবকদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

ইত্তেফাক/এসকে