নবজাতককে হাসপাতালের রেখে চলে গেছে মা আর সন্তানকে বাঁচাতে মাকে ফিরিয়ে আনতে জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরে ব্যর্থ হয়ে দিনাজপুর কোতয়ালি থানায় জিডি করেছেন বাবা মোকছেদ আলী।
নবজাতকের বাবা ও জিডি সূত্রে জানা গেছে, দিনাজপুরের খানসামার পাকেরহাট গুন্দুশাহ্ পাড়ার মোকছেদ আলী (২৫) ও গোয়ালডিহির সাঁকোরপাড় এলাকার আব্দুস সাত্তারের মেয়ে আয়শা সিদ্দিকার (২০) সঙ্গে বিয়ের পর থেকে ঝগড়া-বিবাদ লেগে ছিল। গত ০২ নভেম্বর সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে এই দম্পতির ছেলে সন্তানের জন্ম হয়। এরপর শনিবার (৫ নভেম্বর) হাসপাতালে নবজাতকের বাবার সঙ্গে মায়ের কথা কাটাকাটির জেরে সদ্য জন্ম নেয়ার সন্তানকে হাসপাতালে রেখে বাবার বাড়ি চলে যান তিনি। এরপর নবজাতক অসুস্থ হয়ে পড়লে রোববার (০৬ নভেম্বর) স্ত্রীকে হাসপাতালে ফিরিয়ে আনতে শ্বশুর বাড়িতে গেলেও স্ত্রী আয়শা সিদ্দিকা ফিরে আসেনি।
এদিকে সন্তানের অবস্থাও দিন দিন সংকটাপন্ন হওয়ায় গত চার দিন ধরে স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও স্ত্রীকে হাসপাতালে নিয়ে আসতে না পারেনি।
নবজাতকের বাবা মোকছেদ আলী বলেন, সন্তানটিকে বাঁচার জন্য তার মাকে হাসপাতালে নিয়ে আসার জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের প্রতি আকুতি জানিয়েছে কোনো সমাধান করতে পারিনি।
নবজাতকের মা আয়শা সিদ্দিকার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি হাসপাতালে ঝগড়া বিষয়টি জানান। তবে এর বেশি কিছু বলেনি।
এ বিষয়ে গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, আমি মেয়ের পরিবারের সঙ্গে কথা বলেছি। তাদের তো হাসপাতালে যাওয়ার কথা ছিল। কিন্তু কেন গেল না তা ঠিক জানি না। এখন আবার খোঁজ খবর নিতে হবে।
