লক্ষ্মীপুরের রামগতি সংলগ্ন মেঘনা নদীতে জলদস্যুদের হামলায় তিন জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ জেলে মহিউদ্দিনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চর আবদুল্লাহ ইউনিয়নের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। বুধবার সকাল ৯টার দিকে নিখোঁজ জেলেকে ভোলার কাজিরখাল এলাকা থেকে উদ্ধার করে স্বজনরা।
এদিকে, রাত ৪টার দিকে গুলিবিদ্ধ জেলেদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয় মৎস্য আড়ৎদাররা। তবে এখনো কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
উদ্ধার হওয়া মহিউদ্দিন নোয়াখালীর সুবর্ণচর এলাকার নানু ফরাজির ছেলে। আহতরা হলেন, মো. আব্বাস মাঝি, মো. ফারুক ও মো. ইউসুফ। তারা কমলনগর ও নোয়াখালীর বাসিন্দা।
আহত ও স্থানীয়রা জানান, আব্বাস মাঝিসহ ৬ জন জেলে মেঘনা নদীতে মাছ শিকারে যান। নদীতে জাল ফেলার প্রস্তুতি নেওয়ার সময় দস্যুরা নৌকায় গুলি ছোড়ে। এতে ৩ জেলে গুলিবিদ্ধ হন। এর মধ্যে আব্বাস ও ইউসুফের বাম হাতে গুলিবিদ্ধ হয়। আহত ফারুকের ডান পায়ের ওপরের অংশে ও ডান হাতে গুলি লেগেছে। এ সময় নৌকা থেকে মহিউদ্দিনকে ছিনিয়ে নিয়ে যায় জেলেরা।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এ কে আজাদ বলেন, ৩ জন গুলিবিদ্ধ ব্যক্তি এসেছেন। তাদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। অন্য ২ জন শঙ্কামুক্ত রয়েছেন।
চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, মেঘনা নদীতে ডাকাতির ঘটনা ঘটেছে। নিখোঁজ জেলে মহিউদ্দিনকে দস্যুরা ভোলার কাজিরখাল এলাকায় ফেলে রেখে যায়। সেখান থেকে স্বজনদের ফোন দিলে তারা তাকে উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
