নিজের বাল্যবিয়ে বন্ধ করলো নবম শ্রেণির ছাত্রী

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৫:৩৮

নওগাঁর রাণীনগরে নবম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থী ইউএনওকে ফোন করে নিজের বাল্যবিয়ে বন্ধ করে আলোচিত হয়েছে। ওই শিক্ষার্থী বর্তমানে রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত।

বুধবার (৯ নভেম্বর) ছাত্রীর কাছ থেকে ফোন পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন পূর্ব বালুভরা গ্রামে গিয়ে বাল্যবিয়ে পণ্ড করে দেন।

ইউএনও শাহাদাত হুসেইন জানান, মেয়ে নিজেই তাকে ফোন করে জানায়, জোর করে বাবা-মা তাকে বিয়ে দিচ্ছে। এরপর তিনি ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ের সত্যতা পাওয়ার পর বিয়েটি বন্ধ করে দেন। মেয়ের পরিবার ও স্থানীয়দের বাল্যবিয়ের কুফল সম্পর্কে জানান।

পরবর্তীতে যদি কেউ এ ধরনের বাল্যবিয়ের আয়োজন করে, তাহলে তাদের আইনের আওতায় এনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠিন শাস্তি নিশ্চিত করা হবে বলেও সতর্ক করেন ইউএনও।

ইত্তেফাক/এসকে