বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ত্যাগী নেতাদের বাদ দিয়ে অবৈধ লেনদেনের বিনিময়ে অছাত্র ও বিতর্কিত লোকদের পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির জেলা কমিটির সাবেক ও বর্তমান নেতারা।
বুধবার (৯ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিরোজপুর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইমতিয়াজ শুভ।
তিনি বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য অর্থনৈতিক সুবিধা গ্রহণ করে স্থানীয় আওয়ামী লীগ নেতার মেয়েকে অস্ত্রের মুখে অপহরণ মামলার আসামি অ-ছাত্র অনিরুজ্জান অনিককে সভাপতি ও হত্যা চেষ্টা মামলার আসামি ইফতেখার মাহামুদ সজলকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন।
এছাড়া বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ত্যাগী ছাত্রনেতাদের বঞ্চিত করা হয়। তাই নবগঠিত কমিটি বাতিল করে পদবঞ্চিত যোগ্য ছাত্র নেতাদের সমন্বয়ে কমিটি গঠনের দাবি জানাই।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নবগঠিত কমিটির সহ সভাপতি বারী তালুকদার জয়েন, সিরাজুল ইসলাম মামুন, ওমি আদনান প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাঈন, জুলকারনাইন তীব্র, ছাব্বির আহমেদ। এসময় পিরোজপুর জেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
গত সোমবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ার খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত অনিরুজ্জামান অনিককে সভাপতি ও ইফতেখার মাহমুদ সজলকে সাধারণ সম্পাদক করে পিরোজপুর জেলা ছাত্রলীগের আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়।
