আড়াইহাজারে ত্রিমুখী সংঘর্ষে সড়কে ঝরলো ২ প্রাণ

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ২০:৩৫

নারায়ণঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। এদের মধ্যে একজন ঘটনস্থালে ও অপর জন হাসপাতালে নেওয়ার পর মারা যায়। 

বুধবার (৯ নভেম্বর) বিকালে উপজেলার আড়াইহাজার-মদনপুর সড়কের লেঙ্গুরদী নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, উপজেলার সদর পৌরসভার কৃষ্ণাপুরা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রতন (৪২) ও ব্রাক্ষন্দী ইউনিয়নের লস্বকরদী গ্রামের বিল্লালের ছেলে দীন ইসলাম (৪৫)। 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, একটি লেগুনা প্রভাকরদী থেকে যাত্রী নামিয়ে দিয়ে আড়াইহাজারের দিকে যাচ্ছিল। এই সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাটির উপর পড়ে। একই সময় একটি অটো লেগুনা ও কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লেগে যায়। এতে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় লেগুনা চালক লেগুনার ভিতরে আটকা পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে তাকে মৃত উদ্ধার করে। অপরদিকে আহত দীন ইসলামকে আড়াইহাজার হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে ঢামেকে প্রেরণ করেন। ঢাকা নেওয়ার পথে সে মারা যায়। কাভার্ডভ্যানটি ঘটনাস্থলে রয়েছে। চালক পালিয়ে গেছে।  

ওসি আরও জানান, নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশ দুটি দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/পিও