দুটি হলে ‘দেশান্তর’

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১৪:০৪

নির্মাতা ও অভিনেতা আশুতোষ সুজন। জনপ্রিয় কবি নির্মলেন্দু গুণের ‘দেশান্তর’ উপন্যাস অবলম্বনে সিনেমা নির্মাণ করেছেন তিনি। সিনেমাটির নামও দিয়েছেন ‘দেশান্তর’। আগামীকাল শুক্রবার (১১ নভেম্বর) মাত্র দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।

প্রচারের অংশ হিসেবে বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয় এক সংবাদ সম্মেলন।

সেখানে পরিচালক আশুতোষ সুজন বলেন, ‘আমার ছবিটা আসলে বাংলাদেশের অনেকগুলো সিঙ্গেল স্ক্রিনে চলবে না বা আমি চালাতে চাই না। প্রথমত আমি চালাতে চাই সিনেপ্লেক্সগুলোতে, তারপর ধীরে ধীরে বিভাগীয় শহরেগুলো আমার এই ছবিটা ছড়াতে চাই।’

তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমি যতদূর জানি ঢাকায় যমুনা ব্লকবাস্টার ও লায়ন সিনেমাস কনফার্ম। আর কিছু হল হয়তো আজকে রাতের মধ্যে আমরা জানতে পারব। আর বসুন্ধরা সিনেপ্লেক্স বলেছে সামনে সপ্তাহে আমাদের দিবে।’

অভিনেতা আহমেদ রুবেল বলেন, সিনেমায় কাজ করতে গিয়ে প্রথম থেকে ভয়ে আছি। তার লেখা চরিত্র ফুটিয়ে তুলতে পারছি কিনা বলতে পারছি না। তবে আমি আমার সবটা দিয়ে অভিনয়ের চেষ্টা করেছি। দর্শক হলে গিয়ে দেখলে বুঝতে পারবেন। এ সিনেমাটিতে নতুন একটি ভিজ্যুয়াল গল্প দেখবেন দর্শক। এখন যেভাবে নতুন গল্পের সিনেমা যেভাবে মুক্তি পাচ্ছে। তাতে আমাদের সিনেমার আবার সুদিন ফিরে আসবে বলে আশা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনেমাটির অভিনয়শিল্পী, আহমেদ রুবেল, ইয়াস রোহানসহ অনেকে। এ সময় দর্শকদের সিনেমার দেখার আহ্বান জানান তারা।

দেশভাগের গল্প নিয়ে নির্মিত দেশান্তর-এ আরও অভিনয় করেছেন, চিত্রনায়িকা মৌসুমী, রোদেলা টাপুর, মামুনুর রশীদ, শুভাশিষ ভৌমিকসহ অনেকে।

ইত্তেফাক/বিএএফ