জয়পুরহাটে হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৪ জনের যাবজ্জীবন

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১৫:৫০

জয়পুরহাটের ফরিদপুর গ্রামের এনামুল হক হত্যা মামলায় বাবা ও ছেলেসহ চার জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি প্রত্যেকের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও তিন জনকে বেকসুর খালাস দেয় আদালত।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন জয়পুরহাটের জেলা ও দায়রা জজ মো. নূর ইসলাম।

নিহত এনামুল হকের (৩০) সদর উপজেলার ফরিদপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে। 

সাজাপ্রাপ্তরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের পন্ডিতপুর গ্রামের রমজান আলী (৬৫) ও তার ছেলে রঞ্জু (৪৭)  এবং  একই এলাকার শাহীন আলম রনি (৪৯) ও রেজাউল ইসলামের ছেলে আব্দুল হান্নান (৪৮)। এর মধ্যে রঞ্জু পলাতক রয়েছেন। 

খালাসপ্রাপ্তরা হলেন-একই এলাকার শাহাদত, জাহাঙ্গীর ও আলীম।

পাবলিক প্রসিকিউটার (পিপি)অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল জানান,  ২০০৫ সালের ২ ফেব্রুয়ারি আলুর খেত থেকে এনামুল হকের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় লাশের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় নিহতের বাবা আলতাফ হোসেন বাদী হয়ে  জয়পুরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক নুরল ইসলাম প্রামানিক ২০০৫ সালের ৪ এপ্রিল আদালতে সাত জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে মামলা দায়ের করার ১৭ বছর পর  বৃহস্পতিবার এ রায় প্রদান করেন।

মামলায় আসামি পক্ষে  আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফরিদুজ্জামান, অ্যাডভোকেট রফিকুল ইসলাম তালুকদার তরুন ও অ্যাডভোকেট হেনা কবীর।

ইত্তেফাক/আরএজে