বিজয়নগরে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে গুলি চালিয়েছে একদল সন্ত্রাসী। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন এক যুবলীগ নেতা। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতরপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবির ,সহকারী কমিশনার এবিএম মশিউজ্জামান ও বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিম নোমান।
জানা যায়, শুক্রবার রাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতরপুর খেলার মাটের দক্ষিণ পাশে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে নৌকার মনোনীত প্রার্থী এড. তানভীর ভুঁইয়ার সমর্থনে এলাকার ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ভুঁইয়া ,নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী পরামর্শ সভা করছিলেন। এ সময় মুখোশধারী কয়েকজন যুবক মোটরসাইকেল যোগে অফিসের সামনে নেমেই ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিনের নাম ধরে অকথ্য ভাষায় গালাগালি করে। এক পর্যায়ে তারা অফিসে ভাঙচুর চালায় এবং তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে জামাল উদ্দিনের অফিসের সামনে ওয়ার্ড যুবলীগের সহসভাপতি নুরধন ভুঁইয়া (৪৩) পায়ে ও পিঠে গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে নেতাকর্মীরা আহত নুরধনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। যুবলীগ নেতা নুরধন ঐ এলাকার নাজির উদ্দিন ভুঁইয়ার ছেলে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ভুঁইয়া বলেন, 'ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থী নাছিমা লুৎফুর রহমানের লোকজন আমাকে নৌকার প্রচারণা বন্ধ করতে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছিল এবং তার পক্ষে প্রচারণা চালাতে বলেছিল। আমি তাতে রাজি না হওয়ায় নৌকার ভোটারদের মাঝে ভীতি তৈরি করতে এবং আমাকে মেরে ফেলতে তার আত্মীয় সিংগারবিল ইউনিয়নের চেয়ারম্যান মনির ও মোশাহেদের নেতৃত্বে¦ আমার ও দলীয় নেতাকর্মীদের উপর হামলা চালায় ।আমি তাদেরকে আসামি করে শনিবার সকালে মামলা দায়ের করেছি।'
আরও পড়ুন: দুই যুগ ধরে বন্ধ ‘টাঙ্গাইল কটন মিলস’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. তানভীর ভূঁইয়া বলেন, 'নৌকাকে পরাজিত করতে এবং ভোটারদের আতংকিত করতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাছিমা লুৎফর রহমানের লোক ইউপি চেয়ারম্যান মনির ও মোশাহেদ এ হামলা চালিয়েছে। ভোটের দিন প্রভাব বিস্তার করতে তারা অস্ত্রসহ বহিরাগতদের নিয়ে প্রচারণা চালাচ্ছে।'
এ বিষয়ে বিজয়নগর থানার ওসি ফয়জুল আজিম নোমান সত্যতা নিশ্চিত করে জানান, 'শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বিষ্ণুপুর নির্বাচনী সভা চলার সময় কয়েকজন মুখোশধারী মোটরসাইকেল নিয়ে অফিসে হামলা চালিয়ে গ্লাস ভাঙচুর করে ও চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি চালালে অফিসের সামনে যুবলীগ নেতা নুরধন পায়ে ও পিঠে গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।'
ইত্তেফাক/জেডএইচডি
