দীর্ঘদিন পর একসঙ্গে

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১৪:৫৩

টিভিপর্দায় এখন অনেকটাই অনিয়মিত অভিনেতা মনির খান শিমুল ও সাদিয়া ইসলাম মৌ। তবে দীর্ঘদিন পর দর্শকপ্রিয় এই দুই তারকা আবার জুটি বেঁধেছেন। ‘অনুভবে অন্তরে’ শিরোনামের একটি নাটকে দেখা যাবে তাদের।

নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা হাসান রেজাউল। রং নাম্বরে পরিচয়, অতঃপর সেটি গড়ানোর বিষয়টি সমাজে হরহামেশা দেখা যায়।

নির্মাতা সূত্রে জানা গেছে, তেমনই একটি গল্প রূপায়ণ করেছেন শিমুল-মৌ। নাটকটিতে অহনা চরিত্রে মৌ এবং রহস্যময় ফোন কলারের চরিত্রে অভিনয় করেছেন শিমুল। যেখানে দেখা যাবে শিমুলকে হন্যে হয়ে খুঁজছেন মৌ।

নির্মাতা বলেন, ‘গল্পের এ পর্যায়ে আমরা অহনার মুখোমুখী করি সেই রহস্যময় ব্যক্তিকে। যাকে দেখে রীতিমতো চমকে যায় অহনা। শুরু হয়, নাটকের নতুন গল্প। আশা করছি, দর্শকরা মুগ্ধ হবেন গল্পটি দেখে।’

নাটকটি আজ রাত ১১টা ৩০ মিনিটে মাছরাঙা টিভিতে প্রচারিত হবে।

ইত্তেফাক/বিএএফ