সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে খাদে পড়ে যায় একটি যাত্রীবাহী বাস। এতে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।
শনিবার দুপুরের দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, রাজশাহী থেকে ঢাকাগামী একতা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঝাঐল ওভার ব্রিজ পার হয়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ২০ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।
ইত্তেফাক/জেডএইচ
